২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় যুদ্ধবিরতি শেষ, ত্রাণ বহরে বিমান হামলা

যুদ্ধবিরতি শেষ ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই সিরিয়ায় আলেপ্পো শহরের কাছে একটি ত্রাণ বহরে বিমান হামলা হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2016, 10:27 AM

Updated : 12 Apr 2022, 02:54 AM

বিবিসি জানিয়েছে, নিশ্চিত করা হয়নি এমন এক প্রতিবেদনে বলা হয়েছে, উরম আল কুবরা টাউনের কাছে চালানো এই হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।

জাতিসংঘের এক মুখপাত্র অন্তত ১৮টি থেকে ৩১টি ত্রাণবাহী ট্রাক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন। তবে বিমান হামলায় এসব ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেননি।

সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত স্তাফান দ্য মিসতুরা এ ঘটনাকে ‘অকথ্য নিষ্ঠুরতা’ বলে বর্ণনা করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো এক ইমেইলে তিনি বলেন, “অনুমোদনের দীর্ঘ প্রক্রিয়া ও প্রস্তুতির পর আটকে পড়া বেসামরিকদের জন্য বহরটি আনার সুযোগ হয়েছিল।”  

সিরীয় রেড ক্রিসেন্ট জানিয়েছে, বিদ্রোহীদের নিয়ন্ত্রিত গ্রামীণ এলাকাগুলোর জন্য আলেপ্পো থেকে নিয়মিত সরবরাহ নিয়ে যাচ্ছিল বহরটি।

ইন্টারনেটে পোস্ট করা ছবিতে ত্রাণবহরের লরি ও ট্রেইলারগুলোতে আগুন জ্বলতে দেখা গেছে।

যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ (এসওএইচআর) জানিয়েছে, সিরীয় অথবা রুশ যুদ্ধবিমানের চালানো এই হামলায় ১২ ত্রাণকর্মী ও ট্রাক চালক নিহত হয়েছেন।

অভিযোগ উঠলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি সিরীয় সরকার।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিরীয় রেড ক্রিসেন্টের উরম আল কুবরা কেন্দ্রে মাল খালাসরত লরিগুলোতে প্রায় পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

দ্য মিসতুরার মানবিক ত্রাণ বিষয়ক উপদেষ্টা জ্যান ইগেল্যান্ড জানিয়েছেন, মাল খালাস করে গুদামজাত করার সময় বহরটিতে ‘বোমাবর্ষণ’ করা হয়েছে।

উরম আল কুবরার আশপাশে প্রায় ৭৮ হাজার মানুষের ত্রাণ প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

এর কয়েক ঘন্টা আগে সিরিয়ার সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় দেশটিতে শুরু হওয়া সাতদিনব্যাপী যুদ্ধবিরতি শেষ হওয়ার ঘোষণা দেয়। এর পরপরই আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ফের বিমান হামলা শুরু করা হয় বলে জানা গেছে।