২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শরণার্থী নীতির ভুল স্বীকার করলেন মের্কেল

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল বার্লিনের রাজ্য নির্বাচনে নিজ দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির (সিডিইউ) ভরাডুবির দায় মাথায় নিয়ে শরণার্থী নীতিতে তার ভুল স্বীকার করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2016, 09:39 PM

Updated : 12 Apr 2022, 02:53 AM

তার নীতির কারণে দলের এমন পরাজয় হয়েছে স্বীকার করে নিয়ে এ ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন মের্কেল। সাংবাদিকদের তিনি বলেন, “সময়কে যদি ফেরানো যেত তাহলে আমি আবার পেছনে ফিরে গিয়ে জার্মানিকে শরণার্থী সঙ্কট মোকাবেলায় আরও ভালভাবে প্রস্তুত করে তুলতাম।”

ইউরোপে শরণার্থী সঙ্কটে জার্মানির দ্বার খোলা রেখেছিলেন মের্কেল। ১০ লাখেরও বেশি শরণার্থী জার্মানিতে ঢুকেছে। শরণার্থীর এ সংখ্যা রেকর্ড গড়েছে।

মের্কেল বলেন, শরণার্থীদের জন্য তার এ দ্বার খোলা নীতি নির্বাচনের ফলকে প্রভাবিত করেছে। বিশ্লেষকরাও বলছেন, মের্কেলের শরণার্থীদের অবাধে জার্মানিতে ঢুকতে দেওয়ার নীতি মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।

শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে মের্কেলের সুবিখ্যাত উক্তি ছিল ‘আমরা পারব’। কিন্তু এখন তিনি সে উক্তি থেকে সরে এসেছেন। জার্মানি বিপুল সংখ্যক শরণার্থী ঠিকমত সামাল দিতে পারেনি বলেই মানছেন তিনি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বার্লিন রাজ্যে এবারই সিডিইউ দল সবচেয়ে খারাপ ফল করেছে৷ আগেরবারের চেয়ে এবার চ্যান্সেলর মের্কেলের দল ৫ দশমিক ৭ শতাংশ ভোট কম পেয়েছে৷

রাজ্য সংসদে এবার ঢুকছে অভিবাসন ও শরণার্থী-বিরোধী হিসেবে পরিচিত নতুন দল ‘অলটারনেটিভ ফর জার্মানি’ বা (এএফডি)। জার্মানির ১৬টি আঞ্চলিক পার্লামেন্টের মধ্যে এখন ১০ টিরই প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে এএফডি।

ওদিকে, সিডিইউ বার্লিনের নির্বাচন নিয়ে টানা পাঁচটি রাজ্যের নির্বাচনে হারল। এর মাত্র দুই সপ্তাহ আগে অনুষ্ঠিত মেকলেনবুর্গ ফোয়রপমার্ন রাজ্যের নির্বাচনে এএফডি’র চেয়েও কম ভোট পেয়েছিল মের্কেলের দল৷

আগামী বছর  অনুষ্ঠেয় কেন্দ্রীয় নির্বাচনেও সিডিইউ ভাল করবে না বলেই মনে করা হচ্ছে৷

শরণার্থী সঙ্কটের দিকে দৃষ্টি দিয়ে মের্কেল তার অভিবাসন নীতি ভারসাম্যের দিক দিয়ে একেবারে সঠিক বলে যুক্তি দেখিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে, দীর্ঘ সময় ধরে জার্মানি শরণার্থীর বিষয়টিতে যথেষ্ট নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি।

মের্কেল তার শরণার্থী নীতি আরও ভালভাবে ব্যাখ্যা করার চেষ্টা নেওয়া দরকার মনে করছেন বলেও জানিয়েছেন।

নির্বাচনে ভাল ফল করা এএফডি’র কো চেয়ারম্যান বলেছেন, আগামী বছরের জাতীয় নির্বাচনের জন্য তার দলের অবস্থান শক্তিশালী হয়েছে।

২০১৭ সালের নির্বাচনকে আঙ্গেলা মের্কেলের টিকে থাকার লড়াই হিসাবেই দেখছেন তিনি।

আর রাজ্য নির্বাচনে একের পর এক মের্কেলের দলের হারকে দেখা হচ্ছে ‘মের্কেল বিদ্বেষ’ হিসাবেই। এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মত আঞ্চলিক ভোটে বিব্রতকর পরাজয়ের মুখে পড়েছে তার দল।

দুটো ভোটের ফলকেই মের্কেলের শরণার্থী নীতির বিরুদ্ধে জনগণের রায় হিসাবেই দেখা হচ্ছে।