২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরীয় বাহিনীর উপর বিমান হামলা: অস্ট্রেলিয়ার দুঃখ প্রকাশ

তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে লড়াই চলাকালে সিরীয় সেনাবাহিনীর উপর বিমান হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2016, 02:29 PM

Updated : 12 Apr 2022, 02:54 AM

রোববার পূর্ব সিরিয়ার দিয়ের আল জোউরে সিরীয় সেনা অবস্থানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর ওই বিমান হামলায় অন্ততপক্ষে ৮০ সিরীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

বিবিসি বলছে, ‘ভুল ক্রমে’ চালানো ওই হামলায় অস্ট্রেলীয় যুদ্ধবিমান যুক্ত ছিল বলে নিশ্চিত করেছেন টার্নবুল।

এই হামলার বিষয়টি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের ডাক দিয়েছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রও এই হামলায় ‘অনিচ্ছাকৃত প্রাণহানির’ জন্য ‘দুঃখ প্রকাশ’ করেছে। রুশ কর্মকর্তারা তাদের জানানোর সঙ্গে সঙ্গেই তারা হামলা বন্ধ করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

এ হামলায় সিরীয় সেনাবাহিনীর ৬২ জন সেনা নিহত ও আরও শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়া।

এই হামলার ঘটনা নিয়ে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে তিক্ত বাদানুবাদ হয়েছে।

নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে হতাহতের ঘটনায় ‘দুঃখ’ প্রকাশ করে এ হামলার সঙ্গে অস্ট্রেলীয় যুদ্ধবিমানগুলো জড়িত ছিল বলে নিশ্চিত করেছেন টার্নবুল।

তিনি বলেন, “আমি এটা বলতে পারি, সিরীয় বাহিনী আক্রান্ত হয়েছে ওই অঞ্চলের রুশ কমান্ড জোট বাহিনীর কমান্ডারদের এটি জানানোর সঙ্গে সঙ্গেই হামলা বন্ধ করা হয়।”

জাতিসংঘে রাশিয়ার অভিযোগের পেছনে ‘নিঃসন্দেহে অনেক রাজনীতি’ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডেকে রাশিয়া ‘প্রচারণা চমক’ সৃষ্টি করছে বলে অভিযোগ করেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার।

অপরদিকে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বলেছেন, তিনি ‘যুক্তরাষ্ট্রের ঔদ্ধত্য প্রকাশের এমন নজিরবিহীন প্রদর্শনী’ আর কখনো দেখেননি।

ইসলামিক স্টেট (আইএস) ও অন্যান্য জিহাদি গোষ্ঠীগুলো বাদে সিরিয়ার বিবদমান পক্ষগুলোর মধ্যে যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সম্মত হওয়ার পর গেল সোমবার থেকে তা কার্যকর হয়। কিন্তু বিভিন্ন জায়গায় আটকেপড়াদের জন্য ত্রাণ সরবরাহ পৌঁছতে নিরাপদ রাস্তা ছাড়ার বিষয়টি দুপক্ষের সমঝোতায় থাকলেও এখনও তার বাস্তবায়ন হয়নি।

এ পরিস্থিতিতে সিরীয় বাহিনীর উপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠেছে।

রাশিয়া বলছে, যুদ্ধবিরতি ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে এবং এর জন্য যুক্তরাষ্ট্র দায়ী থাকবে।