২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কের বিস্ফোরণ ‘প্রেশার কুকার’ বোমায়

নিউ ইয়র্ক সিটির চেলসি এলাকায় শনিবারের বিস্ফোরণটি ঘটানো হয়েছে স্প্লিন্টার ভর্তি প্রেশার কুকার বোমার মাধ‌্যমে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2016, 10:19 AM

Updated : 11 Oct 2022, 08:43 PM

ওই বিস্ফোরণের কিছুক্ষণ পর কয়েক ব্লক দূরে একই ধরনের আরেকটি বোমা পাওয়া গেছে বলে নিউ ইয়র্কের পুলিশ বিভাগ জানিয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে বোস্টন ম্যারাথনে এ ধরনের বোমা ব্যবহার করেই হামলা চালানো হয়েছিল।

আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বিশেষভাবে তৈরি দুটি বোমাতেই ফ্লিপ মোবাইল ফোন ও ক্রিসমাস লাইট ব্যবহার করে বিস্ফোরণ ঘটানোর নকশা করা হয়েছিল। 

ম্যানহাটনের চেলসির বিস্ফোরণটিতে ২৯ জন আহত হন।

কর্মকর্তারা এটিকে সন্ত্রাসী তৎপরতা বলে চিহ্নিত করেছেন, কিন্তু এর কোনো উদ্দেশ্য বা এর সঙ্গে জড়িত কোনো সন্দেহভাজনকে শনাক্ত করতে পারেননি।

চেলসির যে স্থানটিতে বিস্ফোরণটি ঘটেছে তার চার ব্লক দূরে দ্বিতীয় বোমাটি পাওয়া যায়, পরে তা নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর এন্ড্রু কুমো বলেছেন, “উদ্ধার করা বোমাটির নকশা বিস্ফোরিত বোমাটির মতোই বলে ধারণা হচ্ছে।”

রোববার রাতে অবিস্ফোরিত দ্বিতীয় বোমাটির নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে পুলিশ তা ধ্বংস করে দেয়।

নিউ ইয়র্কের এসব ঘটনার কয়েক ঘণ্টা আগে পার্শ্ববর্তী অঙ্গরাজ্য নিউ জার্সিতে একটি চ্যারিটি রেসের পথিমধ্য ডাস্টবিনে একটি পাইপ বোমার বিস্ফোরণ ঘটানো হয়। নিউ জার্সির ওই ঘটনায় কেউ আঘাত পাননি।