২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরীয় সেনা অবস্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় পূর্ব সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে লড়াইরত সিরীয় সরকারি বাহিনীর অন্তত ৬২ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে রুশ সেনাবাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2016, 11:12 AM

Updated : 12 Apr 2022, 02:53 AM

অপরদিকে পূর্ব সিরিয়ায় বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী, খবর বিবিসির।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, দিয়ের আল জোউর এলাকায় সিরীয় সেনাদের উপস্থিতির তথ‌্য পাওয়ার পর তাদের বিমানগুলো হামলা চালানো বন্ধ করে। 

সিরিয়ার গৃহযুদ্ধের পর্যবেক্ষক গোষ্ঠী যুক্তরাজ‌্য-ভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম‌্যান রাইটস’ এ ঘটনায় নিহতের সংখ‌্যা অন্তত ৮০ বলে জানিয়েছে।   

যুক্তরাষ্ট্র প্রশাসনের এক মুখপাত্র ‘অনিচ্ছাকৃ এ প্রাণহানির’ জন‌্য ‘দুঃখ’ প্রকাশ করেছেন।

রাশিয়ার আহ্বানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে হামলার পর উদ্ভুত সঙ্কট নিয়ে আলোচনা চলছে।

পূর্ব সিরিয়ায় জোট বাহিনীর বিমান হামলার আগে রাশিয়া বলেছিল, সিরিয়ায় চলমান যুদ্ধবিরতি ভেঙে পড়ার বিপদের মুখে রয়েছে এবং এ জন‌্য যুক্তরাষ্ট্র দায়ি থাকবে। 

সিরিয়ার যুদ্ধবিরতিতে আইএস ও অন‌্যান‌্য উগ্রপন্থি ইসলামি জিহাদি গোষ্ঠীগুলোকে অন্তর্ভুক্ত করা হয়নি। এদের ওপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলা অব‌্যাহত আছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, “জোট ধারণা করেছিল তারা তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) অবস্থানের ওপর হামলা চালাচ্ছে, কিন্তু সিরিয়ার সামরিক বাহিনীর একটি অংশের সেনা ও গাড়িগুলোকে লক্ষ‌্য করে সম্ভবত হামলা চালানো হচ্ছে, রুশ কর্মকর্তারা এমন খবর দেওয়ার সঙ্গে সঙ্গে হামলা থামিয়ে দেওয়া হয়।”

এতে বলা হয়, “আসন্ন বিমান হামলা সম্পর্কে সম্মিলিত বিমান অভিযান কেন্দ্র (কম্বাইন্ড এয়ার অপারেশন্স সেন্টার) রুশ পক্ষকে আগেই জানিয়ে রেখেছিল।”

এতে আরো বলা হয়, “বিভিন্ন সামরিক ও বেসামরিক বাহিনীর সহাবস্থানের কারণে জটিল পরিস্থিতিতে আছে সিরিয়া, কিন্তু জোট বাহিনী সচেতনভাবে জানা কোনো সিরীয় সামরিক ইউনিটের ওপর হামলা করে না। জোট বাহিনী এই হামলা ও এর পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখবে এ থেকে কোনো শিক্ষা নেওয়া যায় কিনা।”

সিরীয় সেনা অবস্থানে জোট বাহিনীর ওই চারটি বিমান হামলা আইএসকে অগ্রসর হওয়ার সুযোগ করে দিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সিরিয়ার আর্মি জেনারেল কমান্ড।

এতে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা জিহাদি গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে এই বিমান হামলা তার সুনির্দিষ্ট প্রমাণ।”