হিলারির রক্ষীদের ‘নিরস্ত্র করলে কী হয়’ দেখার প্রস্তাব ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্র্যাট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটনের দেহরক্ষীদের নিরস্ত্র করার প্রস্তাব দিয়ে এ ধরনের পদক্ষেপের কী ফলাফল হয় তা দেখতে বলেছেন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার মিয়ামিতে এক নির্বাচনী জনসভায় দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেছেন।
এ সময় নিজের সমর্থকদের পুলিশকে সহায়তাকারী ও অপরাধ হ্রাসে ইচ্ছুক বলে বর্ণনা করেন। অপরদিকে হিলারিকে ‘দেয়ালের আড়ালে লুকিয়ে থাকা ও ঝুঁকিপূর্ণ উৎস থেকে চাঁদা নেওয়া ব্যক্তি’ হিসেবে বর্ণনা করেন।
তিনি বলেন, “আমি মনে করি তার দেহরক্ষীদের উচিত সব অস্ত্র ফেলে দেওয়া। তাদের নিরস্ত্র করা উচিত। আমি মনে করি তাদের অবিলম্বে নিরস্ত্র করা উচিত, আপনারা কি বলেন, হ্যাঁ?
“তাদের অস্ত্র নিয়ে নেওয়া হোক, কারণ তিনি (হিলারি) অস্ত্র চান না। তাদের অস্ত্র নিয়ে নাও, দেখি তার কী হয়। তাদের অস্ত্র সরিয়ে নাও, ঠিকাছে। এটা খুব বিপজ্জনক হবে।”
কয়েকমাস ধরেই উভয় প্রেসিডেন্ট প্রার্থীকে সিক্রেট সার্ভিসের দেহরক্ষীরা নিরাপত্তা দিয়ে আসছে। কিন্তু হিলারির নিরাপত্তা নিয়ে ট্রাম্পের এ ধরনের উক্তিতে মানুষজন দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে, বিশেষ করে হিলারির সমর্থকরা।
হিলারিপন্থি গণমাধ্যম পর্যবেক্ষণকারী গোষ্ঠী ‘কারেক্ট দ্য রোড’ এর মুখপাত্র এলিজাবেথ শ্যাপপেল বলেছেন, “আজ রাতে ডোনাল্ড ট্রাম্প আবারও হিলারি ক্লিনটনের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার মতো কথা বললেন।
“এটি অত্যন্ত অগ্রহণযোগ্য একটি মন্তব্য, এটি আমাদের জাতির গণতান্ত্রিক মূল্যবোধের মূল অংশগুলোর সঙ্গে বিশ্বাসঘাতকতা।”
২০১২ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনির সঙ্গে কাজ করা ওয়াশিংটন-ভিত্তিক রাজনীতি পরামর্শক স্টুয়ার্ট স্টিভেন্স এক ট্যুইটে বলেছেন, “এই হুমকির তদন্ত করা উচিত সিক্রেট সার্ভিসের।”
মে মাসে তার পক্ষে সমর্থন জানিয়ে আয়োজন করা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানেও ট্রাম্প প্রায় একই ধরনের মন্তব্য করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিলেন।
