ওহাইওতে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ বালক নিহত
যুক্তরাষ্ট্রে আবারো পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনা ঘটেছে। ওহাইও রাজ্যে ১৩ বছরের এক কৃষ্ণাঙ্গ বালকের হাতের খেলনা বন্দুককে পুলিশ আসল বন্দুক ভেবে গুলি চালালে এ ঘটনা ঘটে।
বিবিসি জানায়, রাজ্যের রাজধানী কলম্বাসে একটি ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তিনজনকে দেখতে পায়।
পুলিশ দেখা মাত্র তাদের দু’জন দৌড়ে পালালে পুলিশও তাদের পিছু নেয়।
পুলিশের ভাষ্য, পিছু ধাওয়ার সময় একটি গলিতে কৃষ্ণাঙ্গ বালক টায়ার কিং পুলিশের দিকে বন্দুক তাক করলে পুলিশ তার ওপর কয়েকবার গুলি চালায়।
পরে পুলিশ জানতে পারে ছেলেটির হাতে থাকা বন্দুকটি ছিল আসলে বিবি হাতবন্দুকের আদলে তৈরি একটি খেলনা পিস্তল। সেটিতে লেজার লাগানো ছিল।
গুলিতে আহত কিং কে শিশু হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।
১২ বছর বয়সী আরেক বালক তামির রাইস পুলিশের গুলিতে নিহত হওয়ার প্রায় দু’বছরের মাথায় ওহাইওয় আবার একই ধরনের ঘটনা ঘটল। সেবার পার্কে এক সন্দেহভাজনের অস্ত্র নিয়ে ঘোরার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে খেলনা বন্দুক হাতে থাকা তামির রাইস কে হত্যা করে।
যুক্তরাষ্ট্রের অন্যান্য স্থানেও পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহতের আরও অনেক ঘটনা ঘটেছে।
গত ৫ জুলাইয়ে লুইজিয়ানার ব্যাটন রুজে ৩৭ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ পুলিশের গুলিতে নিহত হয়। এছাড়া, এর পরদিনই মিনেসোটার সেন্ট পল এ পুলিশের গুলিতে নিহত হয় ৩২ বছর বয়সী আরেক কৃষ্ণাঙ্গ।
