২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী প্রচারণায় ফিরেছেন হিলারি

নিউমোনিয়ায় ভুগে অসুস্থ হয়ে পড়ার কারণে তিনদিন বিরতির পর আবারও নির্বাচনী প্রচারণায় ফিরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2016, 07:37 PM

Updated : 12 Apr 2022, 02:53 AM

নর্থ ক্যারোলাইনার গ্রিনসবোরোতে এক সমাবেশে যোগ দিতে হিলারি বৃহস্পতিবার সেখানে রওনা হন। এ সময় তাকে যথেষ্ট সুস্থ্ দেখা গেছে।

এর আগে গত রোববার ১১ সেপ্টেম্বরে হামলার ১৫তম বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে অসুস্থ বোধ করেন হিলারি। পরীক্ষায় তার নিউমোনিয়া ধরা পড়ে। চিকিৎসার কারণে তিন দিন বিশ্রাম নিতে হয় হিলারিকে।

অসুস্থতার কারণে তাকে ক্যালিফোর্নিয়া সফরও বাতিল করতে হয়। পরে হিলারির চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

চিকিৎসকদের এ বক্তব্যের পরই হিলারি আবার প্রচারে ফিরলেন। এ সপ্তাহে তিনি ভোটারদের প্রতি চূড়ান্ত বক্তব্য রাখবেন বলে জানিয়েছে তার প্রচার শিবির।

তবে হিলারি নির্বাচনী প্রচারণায় ফিরলেও তার স্বাস্থ্য নিয়ে এখনো উদ্বেগ আছে ডেমোক্র্যাটিক শিবিরে।

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কয়েক সপ্তাহ ধরেই বলে আসছেন, হিলারি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না হওয়ায় তিনি প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য।

টাম্পের এমন প্রচারের মুখে নিউমোনিয়ার ধাক্কা সামলে সদ্য প্রচারে ফেরা হিলারি সত্যিই আরও বড় ধরনের অসুখে পড়ে  গেলে কী হবে, এমনও প্রশ্ন জাগছে অনেকের মনে।