সেক্স ভিডিও সরাতে না পেরে ইতালীয় তরুণীর আত্মহত্যা
ইন্টারনেট থেকে সেক্স ভিডিও সরাতে ব্যর্থ হয়ে ইতালির এক তরুণী আত্মহত্যা করেছেন।
ঘটনাটিতে জড়িত থাকার অভিযোগে ইতালির পুলিশ চারজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানিয়েছেন বিবিসি।
আত্মহত্যা করা তরুণীটির নাম তিজিয়ানা। ৩১ বছর বয়সী ওই তরুণী তার প্রাক্তন প্রেমিকসহ চারজনকে একটি সেক্স ভিডিও পাঠিয়েছিল । কিন্তু তারা সেটি ইন্টারনেটে আপলোড করে। পরে ভিডিওটি দ্রুত সব জায়গায় ছড়িয়ে পরে।
তিজিয়ানা ভিডিওটি বিভিন্ন সাইট থেকে সরিয়ে ফেলার অনেক চেষ্টা করেও তা করতে পারেনি। আদালতের দ্বারস্থ হয়েও ব্যর্থ হয় তিজিয়না। আদালত ইন্টারনেট থেকে ভিডিওটি সরিয়ে ফেলার আদেশ দিলেও আইনি খরচ হিসাব তিজিয়ানাকে ২০ হাজার ইউরো দেওয়ারও আদেশ দেয়। এ আদেশকে ‘চূড়ান্ত অপমান’ হিসাবেই উল্লেখ করেছে স্থানীয় গণমাধ্যম।
ভিডিওটি ভাইরাল হয়ে গেলে তিজিয়ানা সমাজে হাসির পাত্রে পরিণত হয় এবং নানা বঞ্চনার শিকার হয়ে শেষ পর্যন্ত নেপলসে তার এক আত্মীয়ের বাড়িতে আত্মহত্যা করে।
এ ঘটনা ইতালি জুড়ে সাড়া জাগিয়েছে। তিজিয়ানার মৃত্যুতে ইতালিতে শোক আর ক্ষোভ সঞ্চার হয়েছে। তার শেষকৃত্যানুষ্ঠান দেশটির টেলিভিশনে সরাসরি সম্প্রচারিতও হয়েছে।
ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এ আত্মহত্যার জন্য ওই চারজনকে দায়ী করা হচ্ছে। মানহানির অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।
ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি বলেছেন, “এ ধরনের ঘটনার ক্ষেত্রে সরকারের আসলে তেমন কিছু করার নেই। এটি আসলে একটি সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক লড়াই। নারীর প্রতি সহিংসতা বন্ধে সরকার সবকিছুই করার চেষ্টা চালাতে প্রতিশ্রুতিবদ্ধ।”
