সৌদি আরবে ব্রিটিশ রাষ্ট্রদূতের হজ পালন
সৌদি আরবে কর্মরত ব্রিটিশ রাষ্ট্রদূত সিমন কলিস ইসলাম গ্রহণ করে হজ পালন করেছেন। যুক্তরাজ্যের কোনও রাষ্ট্রদূত হিসাবে তিনিই প্রথম হজ পালন করলেন।
৬০ বছর বয়সী কলিস তার স্ত্রী হুদা মুজারকেচকে নিয়ে হজ করেন। টুইটারে প্রকাশিত একটি ছবিতে দুইজনকেই হাজিদের সাদা পোশাক পরা দেখা গেছে।
সৌদি আরবের ফৌজিয়া আলবকর নামক এক লেখিকা তার টুইটার একাউন্টে ছবিটি পোস্ট করেন। আরবিতে তিনি লেখেন, “সৌদি আরবে নিয়োজিত ব্রিটিশ রাষ্ট্রদূত সাম্প্রতিক সময়ে ইসলাম গ্রহণের পর এই প্রথম হজ লাপন করলেন। মক্কায় সিমন কলিসের সঙ্গে তার স্ত্রী হুদা”।
ফৌজিয়া আলবকরের টুইটের জবাবও দিয়েছেন কলিস। এক টুইটে ব্রিটিশ রাষ্ট্রদূত তার ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত করে লেখেন, “গত ৩০ বছর ধরে আমি মুসলিম সমাজে অবস্থানের পর ইসলাম গ্রহণ করি এবং হুদাকে বিয়ে করার আগেই তা করেছি।”
বিবিসি জানায়, ২০১৫ সাল থেকে সৌদি আরবে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসাবে কাজ করে আসছেন কলিস। ইরাক, সিরিয়া এবং কাতারেও রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১২ সালে নিরাপত্তাজনিত কারণে কলিসকে সিরিয়া থেকে ফিরিয়ে নেয় যুক্তরাজ্য।
কলিস দুবাই এবং বসরা তে ব্রিটিশ কনসাল-জেনারেলের দায়িত্বও পালন করেছেন। এছাড়াও তিনি নয়া দিল্লি, তিউনিসিয়া এবং আম্মানেও দায়িত্ব পালন করেন।
