২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে দুটি ট্রেনের সংঘর্ষে  ৬ জনের মৃত্যু

পাকিস্তানে করাচিগামী একটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষে অন্ততপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2016, 02:44 PM

Updated : 12 Apr 2022, 02:52 AM

এ ঘটনায় আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি।

বৃহস্পতিবার ভোররাতে পাঞ্জাবের মুলতান শহরের কাছে বুচ স্টেশনে এ ঘটনা ঘটে বলে জিও টিভির বরাতে বিবিসি ও ডন নিউজ জানিয়েছে। 

তবে ডন নিউজের প্রতিবেদনে চারজনের মৃত্যুর খবর বলা হয়েছে।

স্থানীয় এক কর্মকর্তার বরাতে জিও টিভি জানিয়েছে, মুলতান থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে স্টেশনটিতে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনকে পেশোয়ার থেকে আসা আওয়াম এক্সপ্রেস সজোরে ধাক্কা দেয়।

এত চারটি বগি উল্টে ছয়জনের মৃত্যু হওয়া ছাড়াও প্রায় ১৫০ জন আহত হন। এদের মধ্যে ১০ জনের আঘাত গুরুতর। 

জরুরি বিভাগের উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, আহত প্রায় ৫০ জনকে মুলতানের নিশতার হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া ৫০ জনেরও বেশি আহতকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঈদের ছুটির কারণে জরুরি উদ্ধার তৎপরতা শুরু করতে কিছুটা সময় লাগে বলে প্রকাশিত খবরের সূত্রে জানা গেছে।

রেলওয়ের কর্মকর্তা সাইমা খিজার এ দুর্ঘটনার জন্য যাত্রীবাহী ট্রেনটির চালককে দায়ী করে বলেছেন, তিনি স্টেশনে দাঁড়ানো মালবাহী ট্রেনের জন্য দেওয়া রেড সিগন্যাল লক্ষ্য করেননি।

গেল নভেম্বরে দেশটির বেলুচিস্তান প্রদেশের পার্বত্য এলাকায় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছিল। এর আগে জুলাইতে একটি সেতু আংশিক ধসে সেনাবাহী একটি ট্রেন খালে পড়ে গিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছিল।