২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লোরিডায় মসজিদে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ১

ফোর্ট পিয়ার্সের একটি মসজিদে আগুন দেওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Sep 2016, 12:57 PM

Updated : 12 Apr 2022, 02:53 AM

বুধবার গ্রেপ্তার ওই ব্যক্তি ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম-বিরোধী উপাদান পোস্ট করেছিলেন বলে জানিয়েছেন তারা। 

যে ব্যক্তি ফ্লোরিডার একটি নৈশক্লাবে ‍যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী গুণিবর্ষণের ঘটনা ঘটিয়েছিলেন, সেই ওমর মতিন ফোর্ট পিয়ার্স শহরের ওই মসজিদটিতে নামাজ পড়তেন বলে জানিয়েছে পুলিশ।

জুনে অরল্যান্ডোর সমকামীদের ওই নৈশক্লাবে মতিনের নির্বিচার গুলিবর্ষণে ৪৯ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছিলেন। ঘটনার শেষ পর্যায়ে পুলিশের গুলিতে মতিনও নিহত হন।

এখান থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে আটলান্টিক মহাসাগরের তীরে ফোর্ট পিয়ার্স শহরটি অবস্থিত।   

সোমবার শহরটির ওই মসজিদটিতে আগুন লাগিয়ে দেয় অজ্ঞাত কেউ। এতে ইসলামিক সেন্টার নামের মসজিদটির ব্যাপক ক্ষতি হয়।

সেন্ট লুসি কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, এই ঘটনাটিকে ফ্লোরিডার আইনানুযায়ী ‘হেইট ক্রাইম’ হিসেবে বিবেচনা করা হবে এবং অপরাধ প্রমাণিত হলে গ্রেপ্তার সন্দেহভাজন জোসেফ মাইকেল স্বাইবারের (৩২) অন্ততপক্ষে ৩০ বছর কারাদণ্ড হবে।

ফোর্ট পিয়ার্সের মসজিদে আগুন লাগানোর জন্য স্বাইবারকে অভিযুক্ত করা হয়েছে।

সোমবার দিনের শুরুতে প্রায় রাত সাড়ে ১২টার দিকে মসজিদটিতে লাগানো আগুন ছড়িয়ে পড়ে। এদিন যুক্তরাষ্ট্রজুড়ে ঈদুল আযহা পালিত হওয়ার দিন ছিল। ঘটনা ঘটার পরপরই কর্তৃপক্ষ এটিকে একটি হামলা হিসেবে চিহ্নিত করে তদন্ত শুরু করে।

ঘটনার সময় মসজিদটির ভিতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে পুড়ে যাওয়ার কারণে ঈদের দিন মসজিদটিতে ঈদের জামাত অনুষ্ঠিত হতে পারেনি।

সেন্ট লুসি কাউন্টি শেরিফের কার্যালয় এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজগুলো বিশ্লেষণ করে তদন্তকারীরা দেখতে পান, এক ব্যক্তি মোটরসাইকেলে করে মসজিদ ভবনটির দিকে এগিয়ে যাচ্ছে, তারপর মোটরসাইকেল থেকে নেমে হাতে তরল পদার্থ ভর্তি একটি বোতল ও কাগজ নিয়ে মসজিদটির দিকে এগিয়ে যাচ্ছেন। এর পরপরই মসজিদটিতে আগুনের শিখা জ্বলে উঠতে দেখা যায়।

সংবাদ সম্মেলনে শেরিফ মেজর ডেভিড থম্পসন জানান, ভিডিওতে যে মোটরসাইকেলটি দেখা গেছে, স্বাইবারেরও ওই ধরনের একটি মোটরসাইকেল আছে।

এছাড়া জনসাধারণের কাছ থেকে পাওয়া বিভিন্ন তথ্য তদন্তকারীদের পোর্ট সেন্ট লুসির নিকটবর্তী সন্দেহভাজনের বাড়িটিকেই নির্দেশ করে। এরপর তল্লাশিকালে সেই মসজিদে আগুন লাগিয়েছে এমন বাড়তি প্রমাণ পাওয়া যায়।

এর বাইরে স্বাইবারের  সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট পরীক্ষা করে সেখানে ‘ইসলাম-বিরোধী অনেক পোস্ট ও মন্তব্য’ পাওয়া যায় বলে জানান থম্পসন।