সিরিয়ার সেনা অবস্থানে ইসরায়েলি বিমান হামলা
ইসরায়েল-নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে সিরিয়া থেকে ছোঁড়া লক্ষ্যচ্যুত একটি মর্টার বোমা আঘাত করার পর দেশটির জঙ্গিবিমান সিরিয়ার সেনা অবস্থানে হামলা চালিয়েছে।
মঙ্গলবারের এ ঘটনার কথা এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
পাঁচ বছর ধরে গৃহযুদ্ধ চলার পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্মতিতে সোমবার সূর্যাস্তের পর থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। যুদ্ধবিরতির দ্বিতীয় দিনেই দেশটিতে ইসরায়েলি হামলার ঘটনা ঘটলো।
এক বিবৃতিতে সিরিয়ার সেনা কমান্ড জানিয়েছে, মঙ্গলবার দিনের প্রথমদিকে রাত ১টা বাজে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো কুনেইত্রা প্রদেশে একটি সেনা অবস্থানে হামলা চালায়।
হামলার পর একটি ইসরায়েলি যুদ্ধবিমান ও একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয় বলে দাবি করেছে সিরীয় সেনাবাহিনী।
তবে সিরীয় বাহিনীর এ দাবি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সিরিয়ার লড়াইয়ের ক্ষেত্র থেকে একটি মর্টার বোমা গোলান মালভূমিতে আঘাত করার কয়েক ঘন্টা পর তাদের বিমানগুলো সিরিয়ার বিভিন্ন লক্ষ্যে হামলা চালিয়েছে।
১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল।
নিজেদের বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, “সিরিয়ার গোলন্দাজ অবস্থানে অভিযান চালানোর পর রাতে সিরিয়া থেকে বিমান বিধ্বংসী দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। তবে এতে (ইসরায়েলি) বিমানের নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটেনি।”
সিরিয়ায় রক্তপাত বন্ধে চলতি বছর রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেওয়া দ্বিতীয় উদ্যোগে শুরু হওয়া যুদ্ধবিরতিটি সাত দিনব্যাপী চলার কথা।
