স্বাস্থ্যতথ্য প্রকাশ করবেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে দিয়ে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের নিউমনিয়ায় আক্রান্ত হওয়ার খবরের পর রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিজের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি বলেন, নির্বাচনী প্রচারে স্বাস্থ্য এখন ‘একটি ইস্যুতে’ পরিণত হয়েছে।
রোববার নাইন-ইলেভেনের পঞ্চদশ বার্ষিকীর অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েন হিলারি। পরে জানা যায়, ৬৮ বছর বয়সী হিলারি নিউমনিয়ায় আক্রান্ত। নির্বাচনের মাত্র দুই মাস আগে হিলারির অসুস্থতা তার সমর্থকদের দুঃশ্চিন্তায় ফেলে দিয়েছে।
প্রতিদ্বন্দ্বীর দ্রুত আরোগ্য কামনা করে ট্রাম্প বলেন, গত সপ্তাহে তিনি পুঙ্খানুপুঙ্খরূপে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন এবং ওই পরীক্ষার প্রতিবেদন তিনি জনসম্মুখে প্রকাশ করবেন।
ফক্স নিউজকে তিনি বলেন, “আশা করি পরীক্ষার ফলাফল ভাল হবে। আমার মনে হয়, সেগুলো ভালোই হবে। (শারীরিক ভাবে) আমি দারুণ বোধ করছি।”
ট্রাম্প তার চিকিৎসকের দেওয়া একটি ‘নোট’ প্রকাশ করেছেন। সেখানে তার চিকিৎসক বলেছেন, “প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এমন ব্যক্তিদের মধ্যে ট্রাম্প সবচেয়ে সুস্বাস্থ্যের অধিকারী।”
৭০ বছর বয়সী ট্রাম্প ও ৬৮ বছর বয়সী হিলারি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রেসিডন্ট প্রার্থী।
