হারাতে পারবে না জেনে বিভেদ তৈরিতে ভীতি ছড়ায় আল কায়েদা আইএস: ওবামা
নাইন ইলেভেনে নিহতদের শ্রদ্ধা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আমেরিকাকে হারাতে পারবে না জেনে আল-কায়েদা ও আইএসের মতো গোষ্ঠীগুলো বিভেদ তৈরিতে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার জঙ্গিরা কয়েকটি উড়োজাহাজ ছিনতাই করে সেগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘টুইন টাওয়ার’ নামে পরিচিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও ওয়াশিংটনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দপ্তর পেন্টাগনে হামলা চালায়।
বিশ্বব্যাপী ৯/১১ হামলা হিসেবে পরিচিতি পাওয়া ওই ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হন।
আমেরিকা কখনও ভয়ের কাছে নতি স্বীকার করবে না মন্তব্য করে তিনি বলেন, “আল কায়েদা, আইএসআইএসের মতো গোষ্ঠিগুলো জানে তারা কখনও আমেরিকার মতো একটি মহান ও শক্তিশালী জাতিকে পরাজিত করতে পারবে না।
নাইন ইলেভেন হামলার জন্য দায়ী আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের উচিত বিচার হয়েছে বলে মন্তব্য করেন ওবামা।
২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর এক অভিযানে নিহত হন বিন লাদেন।
ওই হামলায় নিহতদের জাতি কখনও ভুলবে না বলে মন্তব্য করেন ওবামা।
তিনি বলেন, “১৫ বছর অনেক বড় সময় মনে হতে পারে। কিন্তু যে সব পরিবার তাদের হৃদয়ের একটি টুকরো হারিয়েছিল, আমি বুঝি এটা তাদের কাছে কালকের ঘটনা মনে হতে পারে।”
ওই হামলায় যারা বেঁচে গেছেন এবং নিহতদের পরিবারের সদস্যদের উদ্দেশে ওবামা বলেন, “আপনাদের অবিচল ভালোবাসা ও আস্থা আমার এবং পুরো দেশের জন্য একটি অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।”
