২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে দুই জিম্মিকে উদ্ধারে মার্কিন অভিযান ব‌্যর্থ

দুই জিম্মিকে উদ্ধারে আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর একটি অভিযান গেল মাসে ব‌্যর্থ হয়েছে বলে পেন্টাগন স্বীকার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2016, 01:59 PM

Updated : 12 Apr 2022, 02:51 AM

বিবিসি বলছে, পেন্টাগনের একজন মুখপাত্র জানান, অভিযানে প্রতিপক্ষ বাহিনীর উল্লেখযোগ‌্য সংখ‌্যক সদস‌্য নিহত হলেও জিম্মিরা সেখানে না থাকায় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

ওই মুখপাত্র আরো জানান, অভিযানে মার্কিন বাহিনীর কোনো সদস‌্য কিংবা সাধারণ কোনো মানুষ হতাহত হননি।

দুই জিম্মির ব‌্যাপারে বিস্তারিত কোনো তথ‌্য দেওয়া না হলেও যুক্তরাষ্ট্রের গণমাধ‌্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তারা দুজনই অধ‌্যাপক। একজন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং অপরজন অস্ট্রেলীয়। চলতি বছরের অগাস্ট মাসের শুরুর দিকে তাদের দুজনকে কাবুল থেকে অপহরণ করা হয়।

অপহৃত দুই অধ‌্যাপক আফগানিস্তানে আমেরিকান ইউনিভার্সিটিতে কর্মরত ছিলেন।

পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেন, এই অভিযানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং প্রতিরক্ষামন্ত্রী অ‌্যাশ কার্টারের অনুমোদন ছিল।

কুক আরো বলেন, “দুর্ভাগ‌্যবশত আমরা যেখানে সন্দেহ করেছিলাম জিম্মিরা সেখানে ছিলেন না।” 

“অভিযান চলাকালে মার্কিন বাহিনীর হাতে প্রতিপক্ষের উল্লেখযোগ‌্য সংখ‌্যক সদস‌্য নিহত হয়েছেন।”-বলেন কুক।

৭ অগাস্ট ওই দুই অধ‌্যাপক গাড়িতে করে তাদের গেস্টহাউজে যাওয়ার পথে ইউনিফর্ম পরিহিত অস্ত্রধারীদের হামলার মুখে পড়েন। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তাদের জিম্মি করা হয়েছে।

এই অপহরণের জন‌্য দায়ী গোষ্ঠীর পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। এমন কী কোনো মুক্তিপণের কথাও শোনা যায়নি। 

চলতি বছর আফগানিস্তানে বেশ কয়েকজন বিদেশি নাগরিক হামলা ও অপহরণের শিকার হয়েছেন।