সীমান্ত দেয়াল তুলবে থাইল্যান্ড-মালয়েশিয়া
মানুষ ও পণ্যের অবৈধ প্রবাহ ঠেকাতে সীমান্ত দেয়াল নির্মাণের পরিকল্পনা নিয়ে আলোচনা করবে থাইল্যান্ড ও মালয়েশিয়া।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক থাইল্যান্ডে বৈঠক করতে যাওয়ার আগে বৃহস্পতিবার এক থাই কর্মকর্তা একথা জানিয়েছেন।
৬৪০ কিলোমিটার দীর্ঘ থাই-মালয় সীমান্তে মানুষ পাচারসহ মাদক ও অস্ত্র চোরাচালান বেড়ে যাওয়ার পর থাইল্যান্ড গতবছর এক অভিযান চালিয়ে পাচারকারী ও চোরাকারীদের আঞ্চলিক রুটগুলো রুদ্ধ করে দিয়েছে।
এখন থাইল্যান্ডের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়ানো এবং বিনিয়োগ নিয়ে আলোচনা করতে থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচার সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব।
থাই পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, বৈঠকের আলোচ্যসূচিতে থাকছে প্রাচীর নির্মাণের বিষয়টি।
মন্ত্রণালয়ের মুখপাত্র চীনাউত সেতাওয়াত আঞ্চলিক এক বৈঠকে রয়টার্সকে বলেছেন, “নাজিবের সফরকালে এ বিষয়টি আলোচ্যসূচিতে থাকবে। তবে এটিই আলোচ্যসূচির সবচেয়ে বড় বিষয় নয়।”
