‘সিরিয়ায় তুর্কি গোলায় ৬ কুর্দি যোদ্ধা নিহত’
সিরিয়ার উত্তরাঞ্চলের আফ্রিন এলাকায় তুর্কি সেনাবাহিনীর গোলাবর্ষণে কুর্দি নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
আফ্রিন এলাকাটি কুর্দিদের ওয়াইপিজি বেসামরিক বাহিনীর নিয়ন্ত্রণাধীন। সিরিয়ার উত্তরাঞ্চলের বিশাল একটি এলাকা এই বাহিনীটির নিয়ন্ত্রণে রয়েছে।
তুরস্কের সীমান্তবর্তী সিরীয় এলাকা থেকে ইসলামিক স্টেটকে (আইএস) হটাতে সিরিয়ায় বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে তুর্কি সেনাবাহিনী। পাশাপাশি বিতারিত আইএসের হাতছাড়া এলাকাগুলো যেন ওয়াইপিজির নিয়ন্ত্রণে না চলে যায় তাও নিশ্চিত করতে চায় তারা।
আইএসকে হটাতে সিরিয়ার তুর্কি সীমান্তবর্তী শহর মানবিজ ও সংলগ্ন এলাকায় অভিযান শুরু করে তুর্কি বাহিনী।
অভিযানের শুরুতেই জারাবলুস দখল করে নেয় সিরীয় বিদ্রোহীদের তুরস্ক সমর্থিত অংশটি। এলাকাটি আফ্রিন থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্বে।
আফ্রিনের কুর্দি কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, “যুদ্ধের আগুন জ্বালাতে তুর্কি বাহিনী উদ্দেশ্যমূলকভাবে এ হামলা চালিয়েছে।”
এ ধরনের হামলার পুনরাবৃত্তি হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে বিবৃতিতে বলা হয়েছে।
সিরিয়ার তুর্কি সীমান্তবর্তী অংশগুলোর নিয়ন্ত্রণ কুর্দিদের হাতে চলে গেলে তুরস্কের দক্ষিণ-পূর্ব এলাকায় সংখ্যালঘু কুর্দিদের বিদ্রোহ আরো জোরদার হবে বলে আশঙ্কা আঙ্কারার। ওই এলাকায় অধিক স্বায়ত্তশাসনের দাবিতে তিন দশক ধরে লড়াই চালিয়ে আসছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) যোদ্ধারা।
ওয়াইপিজিকে, পিকেকে-র সম্প্রসারিত অংশ হিসেবে বিবেচনা করে তুরস্ক।
