সিরিয়ায় হামার লড়াইয়ে বাস্তুচ্যুত ১ লাখ মানুষ: জাতিসংঘ
সিরিয়ার পশ্চিমের হামা প্রদেশে চলমান সংঘর্ষে গত সপ্তাহে প্রায় এক লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
সিরিয়ান আরব রেড ক্রিসেন্ট ও প্রাদেশিক গভর্নরের বরাত দিয়ে বুধবার জাতিসংঘের পক্ষ থেকে একথা জানানো হয়।
গত সপ্তাহে সিরিয়ার বিদ্রোহীরা সরকার নিয়ন্ত্রিত হামার উত্তরাঞ্চলে বড় ধরনের অভিযান শুরু করে।
কৌশলগত দিক দিয়ে হামা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই এলাকায় দেশটির সংখ্যালঘু খ্রিস্টান ও আলাওয়াত সম্প্রদায়ের অনেক লোক বাস করে।
প্রেসিডেন্ট আসাদ নিজেও আলাওয়াত সম্প্রদায়ের।
বিদ্রোহীরা দ্রুততার সঙ্গে হামার হালফা শহরের দখল নেয়। ব্যাপক বিমান হামলার মাধ্যমে আসাদপন্থি বাহিনীও ওই অভিযানের জবাব দিচ্ছে।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, হালফা শহরে মোট সাড়ে চার হাজার পরিবার বসবাস করত। এর মধ্যে দুই হাজার আটশ পরিবার এখনও শহরটিতে আটকা পড়ে আছে। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
তায়েবাত শহরে সাড়ে নয় হাজার পরিবারের মধ্যে সাড়ে চার হাজার পরিবার পালিয়ে গেছে।
সিরিয়ার সেনাবাহিনীর শক্তঘাঁটি সোরান থেকে প্রায় পাঁচ হাজার পরিবার পালিয়েছে। শহরটির অর্ধেক বাসিন্দা এখনও আটকা পড়ে আছে।
জাতিসংঘ জানায়, গৃহহীন এই সব মানুষেরা অধিকাংশই খোলা আকাশের নিচে অবস্থান করছে। অনেকে মসজিদ ও স্কুলে আশ্রয় নিয়েছে।
রেড ক্রিসেন্টের পক্ষ থেকে অসহায় এই সব মানুষদের ত্রাণ সরবরাহ করা হচ্ছে।
