সিরিয়ায় ক্লোরিন গ্যাস হামলা
সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পো নগরীর উপকণ্ঠে ক্লোরিন গ্যাস হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় উদ্ধার কাজে নিয়োজিত সংস্থা ‘সিরিয়ান সিভিল ডিফেন্স’এর পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবার আলেপ্পোর পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত আল সুকারি এলাকায় সরকারি হেলিকপ্টার থেকে ক্লোরিন গ্যাস সমৃদ্ধ ব্যারেল বোমা ফেলা হয়েছে।
যদিও সিরিয়া সরকার সব সময়ই যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টি অস্বীকার করে এসেছে।
ক্লোরিন শিল্প-কারখানায় ব্যবহারের একটি সাধারণ রাসায়নিক হলেও অস্ত্র হিসেবে এর ব্যবহার রাসায়নিক অস্ত্র আইনাযায়ী তা নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার আলেপ্পোয় ওই হামলার পর স্থানীয় বাসিন্দাদের শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা দেখা দিয়েছে।
অন্তত ৮০ জনকে এ কারণে চিকিৎসা দিতে হয়েছে বলে সংস্থাটি তাদের ফেসবুক পাতায় জানিয়েছে। তবে কারও মৃত্যুর খবর জানায়নি।
সেখানে পোস্ট করা একটি ভিডিও তে দেখা যায় ভেজা শরীরে একটি শিশু অক্সিজেন মাস্ক নিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করছে।
যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস হামলায় ৭০ জনের অসুস্থ হয়ে পড়ার খবর দিয়েছে।
এর আগে অগাস্টে সিরিয়া সরকারের বিরুদ্ধে দুইটি এলাকায় ক্লোরিন গ্যাস হামলা চালানোর অভিযোগ করেছিল সিভিল ডিফেন্স।
জাতিসংঘের তদন্ত কমিশন বিষয়টি নিয়ে তদন্ত করছে।
জেনেভায় কমিশনের চেয়ারম্যান পাউলো পিনহিরো সাংবাদিকদের বলেন, “আলেপ্পোতে অকল্পনীয় অপরাধ সংগঠিত হচ্ছে… সেখানে সিরিয় সরকারপন্থিদের আকাশ থেকে বোমা বর্ষণে বেসামরিক নাগরিকরা গণহারে হতাহত হচ্ছে।”
“আর সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে স্বশস্ত্র বিদ্রোহী বাহিনীর নির্বিচারে গোলা বর্ষণে ওই সব অঞ্চলেও প্রচুর বেসামরিক নাগরিক প্রাণ হারাচ্ছে।”
