২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশ্রয়প্রার্থীদের জন্য শিবির স্থাপন করবে প্যারিস

আশ্রয়প্রার্থীদের জন্য প্রথমবারের মতো শিবির স্থাপন করতে যাচ্ছে প্যারিস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2016, 11:47 AM

Updated : 12 Apr 2022, 02:50 AM

বিবিসি বলছে, যেসব আশ্রয়প্রার্থী রাস্তায় বসবাস করছেন অক্টোবর থেকে তাদের ওই শিবিরে আশ্রয় দেওয়া হবে, অবশ্য তা সাময়িকভাবে।

মেয়র অ্যানা ইদালগো জানিয়েছেন, ওই আশ্রয়শিবিরে ৪০০ জনকে একসঙ্গে আশ্রয় দেওয়া সম্ভব হবে। প্যারিসের উত্তরাংশে অক্টোবরের মাঝামাঝি সময় থেকে শিবিরটি চালু হবে।

পাশাপাশি, বছরের শেষদিকে শহরতলী ইভরি-সু-সেইনে নারী ও শিশুদের জন্য একটি শিবির চালু করা হবে বলেও তিনি জানান।

এদিকে, প্যারিসের ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইসোনেতে ২০০ জন ধারণক্ষম একটি আশ্রয়শিবির রাতভর আগুনে পুড়ে গেছে। তদন্তকারীরা এই তথ্য জানিয়েছেন।

এ ঘটনার কারণ উদঘাটনে প্যারিসের পুলিশ তদন্ত করবে বলে আশা করা হচ্ছে।।

প্যারিসের রাস্তা এবং বিভিন্ন খোলা জায়গায় উল্লেখযোগ্য সংখ্যক তাঁবু বা অস্থায়ী শিবির ছিল। পুলিশ এগুলো সরিয়ে দিয়েছে।

আর এরপরই মেয়র এই ঘোষণা দিয়েছেন। কিন্তু তার আগেই শত শত আশ্রয়প্রার্থী মানুষ আত্মগোপনে চলে যান।

জানা গেছে, পরিকল্পিত এই দুটি শিবির চালুতে ব্যয় হবে ৬৫ লাখ ইউরো। এই শিবিরে আশ্রয় নেওয়া ব্যক্তিদের পাঁচ থেকে ১০ দিন আশ্রয় দেওয়ার পাশাপাশি চিকিৎসাসেবা দেওয়া হবে।