বন্ধ হয়ে গেছে চীনের ঝ্যাংজাজির কাচের তৈরি সেতু
চীনের মধ্যাঞ্চলের হুনান প্রদেশে তৈরি ‘বিশ্বের সবচেয়ে উঁচু এবং সবচেয়ে দীর্ঘ’ কাচের তৈরি ঝুলন্ত সেতুটি দর্শণার্থীদের জন্য খুলে দেওয়ার ১৩ দিনের মাথা আবার বন্ধ করে দেওয়া হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে একটি পোস্টে চীনা কর্তৃপক্ষ সেতুটি বন্ধের ঘোষণা দেয়।
সরকার সেতুটিতে জরুরি সংস্কার কাজ করার পরিকল্পনা করছে। এ কারণে শুক্রবার সেতুটি বন্ধ করে দেওয়া হয় বলে জানান চীনা কর্মকর্তারা।
সেতুটি পুনরায় খুলে দেওয়ার তারিখ পরে জানানো হবে বলে জানান তারা।
যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক চীনা কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন-র খবরে বলা হয়, “দর্শণার্থীদের অতিরিক্ত ভিড়ের কারণে সেতুটি বন্ধ করে দেওয়া হয়েছে।”
তবে সেখানে কোনো দুর্ঘটনা ঘটেনি। এমনি সেতুটিতে চিড় ধরা বা ভেঙ্গে যাওয়ার ঘটনাও ঘটেনি।
ঝ্যাংজাজি অঞ্চলে অ্যাভাটর পর্বতমালা নামে পরিচিত এলাকায় একটি গিরিখাতের দুইপ্রান্ত জুড়ে দিয়েছে ৪৩০ মিটার দীর্ঘ এই সেতুটি।
ভূমি থেকে ৩০০ মিটার উঁচুতে অবস্থিত সেতুটি তৈরিতে ৩৪ লাখ মার্কিন ডলার খরচ হয়েছে।
তিন স্তর বিশিষ্ট স্বচ্ছ কাচের ৯৯টি বিশাল বিশাল খণ্ড জোড়া দিয়ে সেতুটির পাটাতন তৈরি করা হয়েছে।
৬ মিটার চওড়া সেতুটি নকশা করেছেন ইসরায়েলের স্থপতি হাইম ডুটন।
অবকাঠামো ও নির্মাণশৈলীর কারণে সেতুটি এরই মধ্যে ‘বিশ্ব রেকর্ড’ গড়েছে বলে দাবি চিনা কর্মকর্তাদের।
