২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফের বিতর্কে শার্লি এবদো

কার্টুনে ইতালির ভূমিকম্পে হতাহতদের পাস্তা ডিশ হিসেবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফ্রান্সের বিদ্রুপ ম্যাগাজিন শার্লি এবদো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2016, 03:15 PM

Updated : 12 Apr 2022, 02:48 AM

বিবিসি বলছে, ম্যাগাজিনটির চলতি সংখ্যায় ইতালির ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমাত্রিসি শহরকে বিষয় করা হয়েছে।

আমাত্রিসি অল’আমিত্রিসিয়ানা নামের এক ধরনের পাস্তা ডিশের জন্য বিখ্যাত। এই ডিশটি টমেটোর সস ও গুয়ানসিয়ালে হ্যাম সহযোগে পরিবেশন করা হয়।

এবদোর ব্যঙ্গচিত্রে দেখা যায়, ভূমিকম্পে আহত এক পুরুষ ও এক নারী একটি ভবনের ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে আছেন এবং প্যানকেকের মতো করে ধসে পড়া ওই ভবনের তলাগুলোর মাঝে চাপা পড়া নিহত মানুষদের পাগুলো বের হয়ে আছে। দাঁড়িয়ে থাকা আহত দুজন মানুষের প্রত্যেককে এক একটি পাস্তা ডিশের নামে নামকরণ করা হয়েছে।

ব্যান্ডেজ বাঁধা পুরুষটির মাথার ওপর লেখা পেন্নে টমেটো সস, আর নারীর মাথার ওপর লেখা পেন্নে গ্রাতিন এবং যেসব মৃতদেহগুলোর পাগুলো ধ্বংসস্তূপের বাইরে বের হয়ে আছে সেগুলোকে ওপর একটি শিরোনামে লেখা রয়েছে, ‘ভূমিকম্পের ইতালীয় ধরন’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্টুনটি প্রচার হওয়ার সঙ্গে সঙ্গেই বিশ্বব্যাপী এটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে। ইতালির দুটি জাতীয় সংবাদপত্র এই কার্টুন নিয়ে সংবাদ প্রকাশ করে। 

আলিফ লায়লা ওয়া লায়লা নামের একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্যুইটারে মন্তব্য করেছেন, “শার্লি এবদো আবারও প্রমাণ করলো তাদের কারো প্রতি শ্রদ্ধাবোধ নেই।” 

ড্যানিবালিও বলেছেন, “এই কার্টুন অপ্রত্যাশিত। বিদ্রুপের স্বাধীনতার ব্যাপারে আমার শ্রদ্ধাবোধ আছে, তবে ভালো স্বাদেরও একটি সীমা আছে।”

লেলিনা২৩ বলেছেন, “এটি অত্যন্ত বিরক্তিকর! শার্লি এবদো তোমাদের ন্যূনতম শ্রদ্ধাবোধ শেখা দরকার।”

ম্যাগাজিনটি তাদের প্রকাশ করা কার্টুন নিয়ে এই প্রথম সমালোচনার মুখে পড়ল তা নয়। এর আগে আরও কয়েকবার এই ম্যাগাজিনটি এ ধরনের পরিস্থিতিতে পড়েছিল।

অন্য একটি পোস্টে আরনোসেরিনো বলেছেন, “আমি যা বলতে চাই তা হল, যদি শার্লি এবদোতে ফের বোমা মারা হয় আমি ‘জে সুইস শার্লি’ স্ট্যাটাস দিয়ে অংশগ্রহণ করবো না।”

২০১৫ সালে ভূমধ্যসাগরে ডুবে মারা ‍যাওয়া সিরীয় শিশু আয়লান কুর্দির এবং হযরত মোহাম্মদের (সাঃ) বিতর্কিত ব্যঙ্গচিত্র প্রকাশ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল ম্যাগাজিনটি।