শরণার্থীর সঙ্গে বিনিময় চান সাবেক অস্ট্রেলীয় বিচারক
অস্ট্রেলিয়ার একজন অবসরপ্রাপ্ত বিচারক সরকারের কাছে এক শরণার্থীর পরিবর্তে বিদেশের মাটিতে দেশটির ‘ডিটেনশন ক্যাম্প’ এ জীবনের বাকি সময় কাটানোর প্রস্তাব দিয়েছেন।
৮৮ বছর বয়সী বিচারক জিম ম্যাককেন এ প্রস্তাবের নাম দিয়েছেন ‘বডি সোয়াপ’ (শরীর অদলবদল)।
অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মন্ত্রী পিটার ডুটনের কাছে ম্যাককেনের লিখিত প্রস্তাব, “আমি বুঝতে পারছি এটি একটি অস্বাভাবিক প্রস্তাব, কিন্তু আমি পূর্ণ আন্তরিকতার সঙ্গে এই প্রস্তাব দিচ্ছি।”
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, একমাস আগে ম্যাককেন ইমিগ্রেশন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত চিঠিটি পাঠিয়েছেন।
কঠোর অভিবাসন নীতির অধীনে অস্ট্রেলিয়া সমুদ্র পাড়ি দিয়ে আসা শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীদের মূলভূখণ্ডে প্রবেশ করতে না দিয়ে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ নাউরু ও পাপুয়া নিউ গিনির মানাস দ্বীপের ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেয়।
উভয় ডিটেনশন ক্যাম্প ব্যক্তিমালিকানাধীন কোম্পানি পরিচালিত। সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে তোলা ছবিতে ডিটেনশন সেন্টারগুলোতে মানবেতর জীবন যাপনের চিত্র উঠে আসে।
এতে অস্ট্রেলিয়া সরকারকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে।
এরই মধ্যে পাপুয়া নিউ গিনি সরকার মানাস দ্বীপের ডিটেনশন সেন্টারটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে এবং অস্ট্রেলিয়া সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছে।
অস্ট্রেলিয়ার গণমাধ্যমকে দেওয়া চিঠিতে ম্যাককেন বলেন, “আমার এরকম একটি প্রস্তাব দেওয়ার কারণ খুবই সাধারণ। আমি মানাস ও নাউরু দ্বীপে নিরপরাধ পুরুষ, নারী ও শিশুদের আতঙ্কজনক পরিস্থিতিতে আটকে রাখার বিষয়ে আর চুপ থাকতে পারছি না।”
“অস্ট্রেলিয়া সরকার মূলত ওইসব ক্যাম্পে বসবাসকারী শারণার্থীদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে, যা একদমই অনৈতিক। যেহেতু আমার নাম ব্যবহার করে এটা করা হচ্ছে, তাই আমি মুখ বন্ধ রাখব না।”
“অন্তত একজন শরণার্থীকে অস্ট্রেলিয়ার মূলভূখণ্ডে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য আমি এ প্রস্তাব দিয়েছি।” এর ফলে মানাস ও নাউরু দ্বীপে বসবাসকারী অন্তত একজন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাবে। আমি একজন শরণার্থীর পরিবর্তে আমার জীবনের বাকি সময়টা নাউরু অথবা মানাস দ্বীপে কাটিয়ে দিতে চাই এবং এটি আমি আমার নাগরিক অধিকার বলেই বিবেচনা করি।”
প্রয়োজনে নিজের অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগেরও প্রস্তাব দিয়েছেন এই বিচারক।
ইমিগ্রেশন মন্ত্রাণালয়ের মুখপাত্র বলেন, “ম্যাককেনের চিঠিটি মন্ত্রণালয়ে পৌঁছে কিনা তা আমি খোঁজ নিয়ে দেখছি।”
এ বিষয়ে আর কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি।
ম্যাককেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এবং বিরোধী লেবার পার্টির নেতা বিল শর্টেনের কাছেও চিঠি লিখেছেন এবং ‘সমবেদনা ও ন্যায়বিচারের ভুল ব্যাখ্যা করা, বাদ দেওয়া এবং বিদেশে ডিটেনশন ক্যাম্প বন্ধের’ অনুরোধ করেছেন।
