২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত দেয়ালের খরচ শতভাগ দেবে মেক্সিকো: ট্রাম্প

অবৈধ অভিবাসী অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত দেয়াল তৈরির শতভাগ খরচ মেক্সিকোকেই যোগাতে হবে বলে জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2016, 05:15 PM

Updated : 11 Oct 2022, 08:40 PM

অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফনিক্সে এক জনসভায় ট্রাম্প একথা বলেন বলে জানিয়েছে বিবিসি। ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সীমান্তকে সুরক্ষিত রাখবেন তিনি। একইসঙ্গে বিতাড়ন করবেন লাখ লাখ অবৈধ অভিবাসীকে।

ফনিক্সে ভাষণ দেওয়ার কয়েকঘণ্টা আগেই ট্রাম্প মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিতোর সঙ্গে সাক্ষাৎ করেন। তখন তারা সীমান্ত প্রাচীর নির্মাণে অর্থয়ান নিয়ে কোনও আলাপ করেননি বলে দাবি করেছেন এনরিক।

 পরে পেনা নিতো এমন দাবিও করেন যে, তিনি ট্রাম্পকে সাফ জানিয়ে দিয়েছেন প্রাচীর নির্মাণের খরচ মেক্সিকো যোগাবে না।

ডোনাল্ড ট্রাম্প এর আগে নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্রে অভিবাসী মেক্সিকানদের ‘সন্ত্রাসী’ ও ‘ধর্ষক’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রে তাদের প্রবেশ ঠেকাতে দুই দেশের সীমান্তে দেয়াল নির্মাণের পরিকল্পনার কথা বলে সমালোচিত হয়েছেন।

ধারণা করা হচ্ছিল ট্রাম্প যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় এক কোটি ১০ লাখ অনিবন্ধিত অভিবাসীকে বহিষ্কারের পরিকল্পনা থেকে সরে আসবেন।

কিন্তু ফনিক্সে বৃক্ততায় ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিতাড়নের বিষয়টিতে মিশ্র ইঙ্গিত দিয়েছেন।

তিনি বলেন, অবৈধ অভিবাসীদের ভাগ্যে কি ঘটল তা কোনও গুরুত্বপূর্ণ বিষয় নয় এবং 'অপরাধী বিদেশিদের বহিষ্কার করাকে প্রাধান্য দেওয়া হবে।

ট্রাম্প আরও বলেন, আমাদের দেশের বসবাসরত সবার সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করব।

কিন্তু পরক্ষণেই তিনি আপোস না করার ইঙ্গিত দিয়ে বলেন, যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে তাদের সবাইকে বহিষ্কার করা হবে। কালন এটাই আইন।

নিজের অভিবাসন নীতির ব্যাপারে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীরা আদর্শের পরীক্ষায় উত্তীর্ণ হলেই তাদের আবেদন বিবেচনা করা হবে।”

 “এ পরীক্ষায় অনার কিলিং (পারিবারিক সম্মান রক্ষায় হত্যা), নারী, সমকামী ও সংখ্যালঘুদের ব্যাপারে শ্রদ্ধা এবং উগ্রপন্থার মনোভাব যাচাই করা হবে।”

অভিবাসীদের কারণে যুক্তরাষ্ট্রের শ্রমজীবী মানুষের কমসংস্থান, মজুরি, গৃহায়ণ, শিক্ষা, করসহ সাধারণ জীবনমান প্রভাবিত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

অভিযোগ করে ট্রাম্প বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটন 'উন্মুক্ত সীমান্তের' পক্ষে প্রচার চালিঢে অনিবন্ধিত  অভিবাসীদের সাধারণ ক্ষমা প্রদর্শন করতে চাইছেন।