সামরিক ঘাঁটি ব্যবহারে ভারত-যুক্তরাষ্ট্র চুক্তি সই
যুক্তরাষ্ট্র ও ভারত একে অপরের ভূমি, আকাশ এবং সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়ে চুক্তি সই করেছে।
সোমবারের এ চুক্তি অনুযায়ী, উভয় দেশ সামরিক সংস্কার কাজ ও রসদ সরবরাহের জন্য পরষ্পরের ভূমি, আকাশ ও নৌঘাঁটি ব্যবহার করবে।
‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়, সমুদ্রে চীনের ক্রমবর্ধমান আধিপত্য প্রতিরোধের উপায় খুঁজতেই যুক্তরাষ্ট্র ও ভারত এ চুক্তি করেছে।
‘লজিস্টিকস এক্সচেঞ্জ মেমোরেনডাম অব এগ্রিমেন্ট (এলইএমওএ)’ শিরোনামে ওই দ্বিপাক্ষিক চুক্তিকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশটন কার্টার বলেন, এই চুক্তির ফলে পারষ্পরিক বন্ধন ও বিনিময়ের সুযোগ আরও সহজতর হবে।
চুক্তি সাক্ষরের পর এক যৌথ বিবৃতিতে বলা হয়, “এ চুক্তির ফলে প্রতিরক্ষা প্রযুক্তি ও বাণিজ্য সহযোগিতায় উদ্ভাবনী ও উন্নততর সুযোগ বিনিময় সহজতর হবে বিধায় উভয় দেশই এর গুরুত্বের বিষয়ে একমত হয়েছে।”
উভয় দেশের মূল্যবোধ ও স্বার্থ এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় তারা যে প্রতিশ্রুতি দিয়েছে তার উপর ভিত্তি করে দুই দেশ এই প্রতিরক্ষা চুক্তিতে উপনীত হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।
তবে এ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা ভারতে ঘাঁটি গাড়তে পারবে না।
