জনসভায় সংজ্ঞাহীন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী
জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লং।
বিবিসি বলছে, তাকে দেখতে চিকিৎসকরা আসার পর অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল।
পরে তিনি আবার ভাষণ দিতে শুরু করলে জনতা ব্যাপক করতালিতে তাকে স্বাগত জানায়।
রোববার লি-র দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “দীর্ঘসময় দাঁড়িয়ে থাকা, গরম ও পানিশূন্যতার কারণে লি ভারসাম্য হারিয়েছিলেন। তার হৃদপিণ্ডের অবস্থা ভালো আছে এবং তার স্ট্রোক হয়নি।”
২০০৪-র অগাস্ট থেকে লি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন। গেল বছর অস্ত্রোপচারের মাধ্যমে তার প্রোস্টেট গ্ল্যান্ড অপসারণ করা হয়। গেল শতকের ৯০-র দশকে ক্যান্সার ধরা পড়ার পর চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠেন তিনি।
তার দল পিপলস অ্যাকশন পার্টি (পিএপি) ১৯৫৯ সাল থেকে সিঙ্গাপুরের ক্ষমতায় আছে। ওই সময় সিঙ্গাপুর একটি স্বায়ত্তশাসিত ব্রিটিশ উপনিবেশ ছিল।
বাবা লি কওয়ানকে অনুসরণ করে ১৯৮৪ সালে ৩২ বছর বয়সে রাজনীতিতে প্রবেশ করেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা গণিতজ্ঞ ও সাবেক সেনা কর্মকর্তা লি সিয়েং।
পুনরায় ভাষণ শুরু করার পর তিনি তার সরকারের ‘শীর্ষ গুরুত্বপূর্ণ’ কাজ হিসেবে পরবর্তী প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত হওয়ার কথা বলেন। আগামী সাধারণ নির্বাচনের পরই নতুন প্রধানমন্ত্রীকে দায়িত্ব নেওয়ার জন্য ‘অবশ্যই প্রস্তুত থাকতে হবে’ বলে জানান তিনি।
গেল বছরের সাধারণ নির্বাচনে পিএপি নিরঙ্কুশ জয় পায়। প্রতি পাঁচ বছর পর পর সিঙ্গাপুরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
