২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‍তুরস্কে পুরস্কারজয়ী ঔপন্যাসিক গ্রেপ্তার

কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে তুরস্কের একটি আদালতের নির্দেশে পুরস্কারজয়ী ঔপন্যাসিক অ্যাসলি এরদোয়ানকে গ্রেপ্তার করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Aug 2016, 02:46 PM

Updated : 12 Apr 2022, 02:42 AM

কুর্দিপন্থি সংবাদপত্র ওজগুর গানডেম এর দুই ডজনেরও বেশি সাংবাদিকসহ অ্যাসলিকে আটকের তিনদিন পর শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে হ্যাবেরতুর্ক সংবাদপত্র।

কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) পক্ষে প্রপাগান্ডা ছড়ানোর সূত্র ধরে মঙ্গলবার আদালতের নির্দেশে ৭,৫০০ প্রচার সংখ্যার সংবাদপত্র ওজগুর গানডেম বন্ধ করে দেওয়া হয়।

পিকেকে-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

এর পরপরই গানডেমের ২৫ জন সাংবাদিককে পিকেকে-কে সমর্থন করার সন্দেহে আটক করা হয়।

ঔপন্যাসিক অ্যাসলি এরদোয়ান সংবাদপত্রটির উপদেষ্টা বোর্ডের সদস্য। তার বিরুদ্ধে ‘সন্ত্রাসী সংগঠনের সদস্য’ ও ‘জাতীয় ঐক্য দুর্বল করার’ প্রাথমিক অভিযোগ আনা হয়েছ।

তাকে ইস্তানবুলের একটি কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সরকারপন্থি ওয়েবসাইট হ্যাবেরতুর্ক। অন্যান্য গণমাধ্যমেও একই ধরনের খবর প্রকাশিত হয়েছে।

ওজগুর গানডেমের দুই সম্পাদক এখনো পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানিয়েছে হ্যাবেরতুর্ক। 

১৫ জুলাইয়ের এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর তুরস্কজুড়ে ঘোষণা করা জরুরি অবস্থার মধ্যে ১৩০টিরও বেশি গণমাধ্যম বন্ধ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এতে তুরস্কে সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে তুরস্কের পশ্চিমা মিত্র দেশগুলো ও বিভিন্ন অধিকার আন্দোলনকারী গোষ্ঠী।

ওজগুর গানডেমের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থার সঙ্গে জরুরি অবস্থার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন এক তুর্কি কর্মকর্তা। তবে গণমাধ্যম পর্যবেক্ষণ করা আন্তর্জাতিক সংগঠনগুলো এই পদক্ষেপকে ব্যর্থ অভ্যুত্থানের পর শুরু হওয়া ব্যাপক দমনপীড়নের অংশ হিসেবেই দেখছে। 

এই সংবাদপত্রটির সাংবাদিকদের আটকের মধ্যদিয়ে তুরস্কে আটক গণমাধ্যম কর্মীর সংখ্যা প্রায় ১০০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ফেডারেশন অব জার্নালিস্ট (ইএফজে)। এর মাধ্যমে সাংবাদিকদের কারাগারে পাঠানো শীর্ষ দেশ হয়ে উঠেছে তুরস্ক। 

তবে বৃহস্পতিবার তুরস্কের সরকারপন্থি সংবাদপত্র সাবাহ জানিয়েছে, ওজগুর গানডেমের ২২ সাংবাদিককে ছেড়ে দেওয়া হয়েছে।

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে পিকেকের সঙ্গে তুর্কি সরকারি বাহিনীর চলমান সংঘর্ষের ঘটনাগুলো তুলে ধরতো ওজগুর গানডেম। ২০১৪ সাল থেকে সংবাদপত্রটির বিরুদ্ধে এ পর্যন্ত ডজনেরও বেশি তদন্ত হয়েছে, জরিমানা করা হয়েছে এবং এর প্রতিনিধিদের গ্রেপ্তার করা হয়েছে।