২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের দুই সাঁতারুকে ব্রাজিল পুলিশের জিজ্ঞাসাবাদ

দেশে ফেরার পথে যুক্তরাষ্ট্রের দুই সাঁতারুকে বিমানে উঠতে বাধা দিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেছে ব্রাজিল পুলিশ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Aug 2016, 02:08 PM

Updated : 12 Apr 2022, 02:41 AM

বুধবার রিও দে জেনেইরো আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটি (ইউএসওসি) ।

রোববার রিও দে জেনেইরোতে ডাকাতির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছিলেন এই দুজন ও তাদের দুই টিম মেট। কিন্তু তাদের বক্তব্যের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ব্রাজিলের এক বিচারক।

এর পরপরই জিজ্ঞাসাবাদের জন্য গুনার বেঞ্জ ও জ্যাক কঙ্গারকে বিমান থেকে নামিয়ে নেওয়া হয়।

দেশটির তৃতীয় আরেক সাঁতারু জেমস ফেইজেন ব্রাজিলীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন এবং বৃহস্পতিবার তিনি নতুন করে ফের বক্তব্য দেওয়ার পরিকল্পনা করেছেন বলে ইউএসওসি-র একজন মুখপাত্র জানিয়েছেন।

ব্রাজিলের কেন্দ্রীয় পুলিশ যুক্তরাষ্ট্রের সোনজয়ী সাঁতারু রায়ান লোকটিকেও জিজ্ঞাসাবাদ করতে চাচ্ছিল, কিন্তু লোকটি সোমবার যুক্তরাষ্ট্রে চলে গেছেন বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন।

রিও অলিম্পিকে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এর মধ্যে দুজন সফরকারী মন্ত্রীর ডাকাতের কবলে পড়া, উদ্বোধনী অনুষ্ঠানের বাইরে এক আক্রমণকারীকে গুলি করে হত্যা এবং অশ্বারোহন কেন্দ্রে গুলিবর্ষণ অন্যতম।

বুধবার দ্য গার্ডিয়ান সংবাদপত্রের এক প্রতিবেদনে ব্রিটিশ অলিম্পিক দলের এক সদস্য মঙ্গলবার ভোররাতে রিওতে বাইরে ফুর্তি করার সময় তাকে বন্দুকের মুখে আটকে রাখা হয়েছিল বলে জানিয়েছে।

তবে ওই সদস্যক গুরুতর কোনো আঘাত করা হয়নি বলে জানানো হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের চার সাঁতারুর ঘটনার অভিযোগের বিষয়ে তদন্ত করে এ পর্যন্ত কোনো সাক্ষ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

টেলিভিশনে প্রদর্শিত ছবিতে দেখা গেছে, বেঞ্জ ও কঙ্গার সাক্ষ্য দেওয়ার জন্য রিও দে জেনেইরো বিমানবন্দরের একটি পুলিশ দপ্তরে প্রবেশ করছেন। এই দুজনকে বিমান থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ইউএসওসি-র এক মুখপাত্র।