‘মালয়েশিয়ার তেলবাহী জাহাজটি ছিনতাই হয়নি’
মালেয়েশিয়ার তেলবাহী জাহাজটি ছিনতাই হয়নি। বরং জাহাজটির ক্রুরাই সেটিকে ইন্দোনেশিয়ায় নিয়ে গেছে বলে জানিয়েছে উভয় দেশের কর্মকর্তারা।
এর আগে মালয়েশিয়ার সমুদ্র নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা বলেছিলেন, নয় লাখ লিটার তেলবাহী একটি মালয়েশিয় জাহাজ (ট্যাঙ্কার) ছিনতাই করে ইন্দোনেশিয়ার জলসীমায় নিয়ে যাওয়া হয়েছে।
বিবিসি’র খবরে বলা হয়, সোমবার মালয়েশিয়ার তানজুং পেলেপাস বন্দর থেকে এমটি ভিয়ার হারমোনি নামের ওই তেলবাহী জাহাজটি যাত্রা করে।
ইন্দোনেশিয়ার বাটাম দ্বীপে জাহাজটি নোঙ্গর করেছে এবং সেটি তল্লাশি করা হয়েছে।
ইন্দোনেশিয় নৌবাহিনীর মুখপাত্র এডি সুকিপ্তো বলেন, “অভ্যন্তরীন অব্যবস্থাপনার কারণে এ ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল।”
মায়লয়েশিয়া কর্তৃপক্ষও একে ‘অভ্যন্তরীন বিরোধ’ বলে বর্ণনা করেছে।
তবে জাহাজের তেল কি করা হবে এবং কবে নাগাদ জাহাজটি মায়লেশিয়ার উদ্দেশ্যে রওয়ানা হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি।
জাহাজটিতে থাকা তেলের মূল্য ৩ লাখ ৯২ হাজার ৭৯৫ মার্কিন ডলার (১৫ লাখ ৭০ হাজার রিঙ্গিত) বলে জানা গেছে।
