২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহারাষ্ট্রে রাজ ভবনের নিচে ব্রিটিশ আমলের বাঙ্কারের খোঁজ

ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজ ভবনের নিচে ১৫০ মিটার লম্বা ব্রিটিশ আমলে নির্মিত একটি বাঙ্কারের খোঁজ পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2016, 01:51 PM

Updated : 12 Apr 2022, 02:41 AM

এনডিটিভি বলছে, মুম্বাইয়ের মালবার হিলের ওই ভবন চত্বরে বাঙ্কারটি খুঁজে পান মহারাষ্ট্রের গভর্নর সিএইচ বিদ্যাসাগর রাও।

ভারতের স্বাধীনতার পর থেকে গেল কয়েক দশক ধরে ওই বাঙ্কারটি বন্ধ ছিল।

মঙ্গলবার গভর্নর রাও ও তার স্ত্রী ভিনোদা বাঙ্কারটি পরিদর্শন করেছেন। পরিদর্শনের পর বাঙ্কারটি রক্ষা করার পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন রাও। 

রাজ ভবনের ভিতরে একটি সুড়ঙ্গ আছে, রাজ ভবনের পুরনো লোকজনের কাছে তিনমাস আগে এ কথা শুনেছিলেন রাও। তারপর তিনি তথাকথিত ওই ‘সুড়ঙ্গটি’ খোলার উদ্যোগ নেন।

রাজ ভবন থেকে দেওয়া এক বিবৃতিতে গভর্নর রাও জানিয়েছেন, ১২ অগাস্ট রাজ ভবনের পিডব্লিউডি-র কর্মীরা বাঙ্কারটির পূর্ব দিকের প্রবেশ পথ বন্ধ করে রাখা একটি দেওয়াল ভেঙে ফেলে এতে প্রবেশের ব্যবস্থা করে।  

কিন্তু খোলার পর সুড়ঙ্গের বদলে সেখানে একটি বাঙ্কার আবিষ্কার হয়। ২০ ফুট প্রশস্ত একটি গেইট দিয়ে বাঙ্কারের মুখটি বন্ধ ছিল। সেটি খোলার পর পশ্চিম দিকে ঢালু একটি পথ পাওয়া যায়। লম্বা এই পথ দিয়ে গিয়ে দুপাশে ছোট থেকে মাঝারি বিভিন্ন আয়তনের ১৩টি ঘর পাওয়া যায়। 

বাঙ্কারটির আয়তন পাঁচ হাজার বর্গফুটের বেশি এবং এতে শেল স্টোর, গান শেল, কার্টিজ স্টোর, শেল লিফট, পাম্প, ওয়ার্কসপ নামের বিভিন্ন ঘর আছে।

ওই লম্বা ঢালু পথটিতে অনেকগুলো আলো আসার পথ রয়েছে বলে জানা গেছে। কয়েক দশক ধরে বন্ধ থাকার পরও আশ্চর্যজনকভাবে বাঙ্কারটি সুরক্ষিত অবস্থায় আছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

ভূগর্ভস্থ ওই বাঙ্কারটিতে একটি ড্রেনেজ স্টিস্টেম ও আলো-বাতাস আসার সুব্যবস্থা রয়েছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা