২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাবানল: ক্যালিফোর্নিয়ার ৮২ হাজার অধিবাসীকে সরে যেতে নির্দেশ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি পার্বত্য গিরিপথে লাগা দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে নয় হাজার একর জমি গ্রাস করার পর ওই এলাকার ৮২ হাজার বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Aug 2016, 12:01 PM

Updated : 12 Apr 2022, 02:41 AM

মঙ্গলবারের মধ্যে এসব বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির এক কর্মকর্তা। 

ক্যাজন পাস নামের ওই গিরিপথ এলাকাটিতে দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টায় ৭০০ দমকল কর্মী লড়াই করছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

“আগুনটি খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, এর পেছনে বাতাস রয়েছে,” বলেন যুক্তরাষ্ট্র বনবিভাগের মুখপাত্র লিন সিলিয়েত।

যুক্তরাষ্ট্রের খরা-কবলিত পশ্চিমাঞ্চলে ধারাবাহিকভাবে দাবানলের সৃষ্টি হচ্ছে। এরই মধ্যে ওই এলাকার প্রায় তিন লাখ একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে।

ক্যালিফোর্নিয়ার প্রধান শহর লস অ্যাঞ্জেলেস থেকে প্রতিবেশী অঙ্গরাজ্য নেভাদার লাস ভেগাসগামী প্রধান আন্তঃরাজ্য মহাসড়কের পশ্চিম দিকের ঘন ঝোঁপঝাড়ে দাবানলের সূত্রপাত্র হয়। এতে কর্তৃপক্ষ মহাসড়কটির একপাশের কয়েকটি লেন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।

ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অব ফরেস্টি এন্ড ফায়ার প্রটেকশনের (ক্যাল ফায়ার) এর কর্মকর্তা লিনি টোলমাচফ জানিয়েছেন, আগুন ছড়িয়ে পড়ার কারণে রাইটউড এলাকার অধিবাসীদের ঘরবাড়ি ছেড়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এলাকাটি লস অ্যাঞ্জেলেস থেকে ১২০ কিলোমিটার পূর্বে আন্তঃরাজ্য ১৫ মহাসড়কের পাশে অবস্থিত। এলাকাটির ৮২ হাজার বাসিন্দার সবাইকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এলাকাটির বেশ কিছু ঘরবাড়ি দাবানলে পুড়ে গেছে, তবে তাদের সঠিক সংখ্যা জানাতে পারেননি ক্যাল ফায়ারের মুখপাত্র। 

দাবানলের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।