২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে হাসপাতালে বিমান হামলায় নিহত ১১

ইয়েমেনে মিত স্যঁ ফঁতিয়ের (এমএসএফ) একটি হাসপাতালে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ১১ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2016, 07:39 PM

Updated : 12 Apr 2022, 02:40 AM

ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক দাতব্য চিকিৎসা সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের উত্তরাঞ্চলে তাদের একটি হাসপাতালে সোমবার বিমান হামলা হয়।

রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানান, হাজ্জা প্রদেশের আবস জেলায় অবস্থিত ওই হাসপাতালটি থেকে হতাহতদের উদ্ধার করাও সম্ভব হচ্ছে না। কারণ এখনও ওই এলাকায় জঙ্গি বিমান উড়ছে এবং উদ্ধারকর্মীরা আবারও বোমা হামলা হওয়ার আশঙ্কা করছে।

“সবাই হাসপাতালটির অবস্থান জানে। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ জিপিএস কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে যুদ্ধরত সব পক্ষের, যাদের মধ্যে সৌদি নেতৃত্বাধীন জোটও রয়েছে; সঙ্গে সবসময় যোগাযোগ রক্ষা করে চলে।”

“নিহতদের মধ্যে একজন হাসপাতালটির কর্মী, বাকিরা চিকিৎসাধীন রুগী।”

গত এক বছরে এমএসএফ-র হাসপাতালে এটা চতুর্থবারের মত বিমান হামলার ঘটনা বলেও জানায় সংস্থাটি।

এ বিষয়ে ইয়েমেনে অবস্থিত সৌদি আরব নেতৃত্বাধীন জোটের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করার হলে তাদের পাওয়া যায়নি।

এর আগে শনিবার পার্শ্ববর্তী সাদা প্রদেশে একটি স্কুলে সৌদি জোটের বিমান হামলায় ১০ শিশুর মৃত্যু হয়েছে বলেও জানায় এমএসএফ।

রোববার জাতিসংঘের মহাসচিব বান কি-মুন ওই হামলার নিন্দা জানিয়ে এ বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন।

সৌদি জোটের পক্ষ থেকে রয়টার্সে পাঠানো এক বিবৃতিতে স্কুলে হামলার তদন্ত করা হবে বলে জানানো হয়েছে।