২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় বাসে হামলায় নিহত ৩০, আইএসের দায় স্বীকার

সিরিয়ার আটমেহ সীমান্ত ক্রসিংয়ে বিদ্রোহী যোদ্ধাদের বহনকারী একটি বাসে আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ৩০ জন নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Aug 2016, 01:14 PM

Updated : 12 Apr 2022, 02:40 AM

ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

তুরস্কের গণমাধ্যমগুলো জানায়, শনিবার রাতে তুরস্ক সীমান্তে অবস্থিত একটি আশ্রয় শিবিরের প্রবেশ মুখে বাসটি উড়িয়ে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, আত্মঘাতী বোমা হামলাকারী এ হামলা চালিয়েছে।

আইএস  সংশ্লিষ্ট একটি নিউজ এজেন্সির খবরে বলা হয়, একজন আইএস যোদ্ধা এ হামলা চালিয়েছে।

‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে চিকিৎসাকর্মীরা আহতদের চিকিৎসা দিচ্ছেন। বিস্ফোরণে পুড়ে যাওয়া একটি বাসের অবশিষ্টাংশও দেখা গেছে।

সিরিয়ার বিরোধী দলগুলোকে সমর্থনকারী একটি টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়, নিহত সবাই সিরিয়ার বিভিন্ন বিদ্রোহী দলের সদস্য ছিল এবং বিদ্রোহী ওই সবগুলো দল আইএস বিরোধী।

আটমেহ সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের প্রদেশ ইদলিবে অবস্থিত। ইদলিব প্রদেশের বেশির ভাগ অংশই তুরস্ক সরকার সমর্থিত বিদ্রোহী দলগুলোর নিয়ন্ত্রণে।

এই প্রদেশটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে লড়াই করা তুর্কি-সমর্থিত বিদ্রোহীদের প্রধান ঘাঁটি।