‘গুলির’ খবরে ফাঁকা কেনেডি বিমানবন্দর
পরপর কয়েকটি গুলির মতো শব্দ শোনার পর নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।
তবে বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে অনুসন্ধান চালিয়ে গুলি ছোড়ার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ নিউ ইয়র্ক অ্যান্ড নিউ জার্সি।
ঘটনার কয়েক ঘণ্টা পর টুইটার বার্তায় এ তথ্য জানায় কর্তৃপক্ষ।
সিএনএন, রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যার (বাংলাদেশ সময় সোমবার ভোর রাত) দিকে বিমানবন্দরের বহির্গমন পথের কাছ থেকে গুলির মতো কয়েকটি শব্দ শোনা যায়।
গুলির খবর পেয়েই আট নম্বর টার্মিনাল থেকে লোকজনকে সরিয়ে নিতে শুরু করে বিমানবন্দর পুলিশ।
কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ (ফেডারেল এভিয়েশেন অথরিটি) বিমানবন্দরে ফ্লাইট ওঠানামাও বন্ধ করে দেওয়া হয়।
বিমানবন্দর পরিচালনাকারী এয়ারপোর্ট অথরিটি অফ নিউ ইয়র্ক অ্যান্ড নিউ জার্সির মুখপাত্র জো পেনতানজেলো জানান, গুলির মতো শব্দ শোনা যাওয়ার পরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দর খালি করে ফেলা হয়।
বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া স্থিরচিত্র এবং ভিবিডওতে দেখা গেছে ঘটনার পর পর কয়েকশ মানুষ বিমানবন্দর থেকে বেরিয়ে যাচ্ছে, যাদের মধ্যে এয়ার বার্লিন, আলস্কা এয়ারলাইন্স, আমেরিকান ঈগল, আমেরিকান এয়ারলাইন্স, ফিনএয়ারসহ বিভিন্ন বিমানের যাত্রী ছিলেন।
ঘটনার কয়েক ঘণ্টা পরও বিমানবন্দরের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। বিমানবন্দরমুখী রাস্তাগুলোও বন্ধ রাখা হয়েছে।
