২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের পুলিশের গুলিতে একজন নিহতের পর সহিংসতা

পুলিশের গুলিতে ২৩ বছর বয়সী এক সশস্ত্র ব্যক্তি নিহত হওয়ার জেরে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকি শহরে সহিংসতা ছড়িয়ে পড়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2016, 04:12 PM

Updated : 12 Apr 2022, 02:39 AM

হত্যার প্রতিবাদে শনিবার রাতে রাস্তায় বেরিয়ে আসা প্রতিবাদকারীরা গুলিবর্ষণ করে, ইট ছুঁড়ে মারে এবং একটি পেট্রল পাম্পে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ, খবর বিবিসি, বার্তা সংস্থা রয়টাসের।

শনিবার বিকেলে একটি ট্র্যাফিক স্টেপেজে ‘সন্দেহজনক তৎপরতার’ কারণে একটি গাড়ি থামানোর চেষ্টা করে পুলিশ। এক ব্যক্তি গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে গুলি করে। আহত হয়ে ওই ব্যক্তি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

নিহত ব্যক্তির কাছে ২৩ রাউন্ড গুলিভরা চুরি যাওয়া একটি বন্দুক পাওয়া যায়। ওই গাড়ি থেকে পালিয়ে যাওয়া আরেক ব্যক্তিকে আটক করে দ্রুত নিজেদের হেফাজতে নিয়ে পায় পুলিশ।

এই হত্যার প্রতিবাদে প্রায় ১০০ লোক জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। তারা কয়েকটি ভবনসহ একটি পেট্রল পাম্প ও কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ জানিয়েছে, প্রতিবাদকারীদের দিক থেকে গুলিবর্ষণ হতে থাকায় দমকলকর্মীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হলে তা এক পুলিশ কর্মকর্তার মাথায় আঘাত করে।

রাতে পুলিশ সহিংসতা থামানোর আবেদন জানানোর পর শহরটির উত্তর অংশে পরিস্থিতি শান্ত হয়ে আসে বলে জানা গেছে।

নিহত ব্যক্তি বা গুলিবর্ষণকারী পুলিশ, এদের দুজনের কারো নৃতাত্ত্বিক পরিচয় প্রকাশ করেনি পুলিশ। কিন্তু নিহত ব্যক্তির কাছে চুরি যাওয়া একটি বন্দুক পাওয়া গেছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারের রেকর্ড আছে বলে জানিয়েছে, আর গুলিবর্ষণকারী পুলিশ কর্মকর্তার বয়স ২৪ বছর বলে জানিয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হওয়ায় দেশজুড়ে প্রতিবাদী আন্দোলন হয়েছে।