২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বোমা হামলার হুমকি

ফিলিপিন্সে আসন্ন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বোমা হামলার হুমকি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Aug 2016, 10:07 PM

Updated : 12 Apr 2022, 02:38 AM

২০১৭ সালের জানুয়ারিতে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’ অনুষ্ঠিত হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বোমা তৈরির একটি ভিডিও প্রকাশ পেয়েছে। ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ওই ভিডিও প্রকাশ করেছে।

আরবি ভাষায় লেখা একটি বার্তা ভিডিওতে ভেসে ওঠে: “মিস ইউনিভার্সের জন্য বোমা বানানো হচ্ছে।”

শুক্রবার এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল এডগার্ড অ্যারেভালো বলেন, “আমরা ওই হুমকিকে গুরুত্বের সঙ্গে নিয়েছি।”

তবে কর্তৃপক্ষ এখনো ভিডিওটির সত্যতা নিশ্চিত হতে পারেনি বলে জানান তিনি।

ফিলিপিন্সে আইএস-র কোনো যোদ্ধা নেই। তবে দেশটির জঙ্গি সংগঠন ‘আবু সায়েফ’ আইএস-র প্রতি আনুগত্য প্রকাশ করেছে জানিয়ে অ্যারেভালো বলেন, “আমরা আবারো বলছি, ফিলিপিন্সে কোনো আইএস নেই।”

“তবে স্থানীয় কয়েকটি (জঙ্গি) দল তহবিল সংগ্রহের জন্য আইএস-র সঙ্গে সংশ্লিষ্টতা থাকার দাবি করেছে।”

ফিলিপিন্সের পর্যটন মন্ত্রণালয় ম্যানিলায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা আয়োজনে সহায়তা করছে।

প্রতিযোগিতা নিয়ে হুমকি সম্পর্কে মন্ত্রণালয়ের মুখপাত্র ইনা জারা-লোয়োলা বলেন, “আমাদের দৈনন্দিন জীবন দুর্বিসহ করে তোলা যানজট সমস্যাকে আমরা যতটা গুরুত্ব দেই এই হুমকিও ততটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।”

“জনগণের সুরক্ষা ও নিরাপত্তায় আমাদের সেনাবাহিনী ও পুলিশ অনেক বেশি সক্ষম বলে বিশ্বাস করে সরকার।”

এর আগে ১৯৭৪ ও ১৯৯৪ সালে ম্যানিলায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল।

মিস ইউনিভার্স ২০১৫র মুকুট জয় করেছেন মিস ফিলিপিন্স পিয়া আলোনজো উর্তবাখের। তাকে নিয়ে তৃতীয়বারের মত ফিলিপিন্সের কেউ এই মুকুট জয় করে।