২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের ৩ কূটনীতিক ঢাকা ছেড়ে ‘পালিয়েছেন’

তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের ঘটনায় তদন্তের জন্য দেশে ফিরতে বলা হলেও বাংলাদেশে নিযুক্ত দেশটির তিন কূটনীতিক ঢাকা ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2016, 05:38 PM

Updated : 12 Apr 2022, 02:39 AM

দেশটির বেসরকারি টিভি চ্যানেল এনটিভিকে তার দেওয়া এক সাক্ষাৎকারের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশে নিযুক্ত দুই কর্মকর্তা নিউ ইয়র্কে পালিয়েছেন এবং আরও একজন মস্কো হয়ে জাপানে পালিয়ে গেছেন।

“এসব বিশ্বাসঘাতকদের আমরা তুরস্কে ফিরিয়ে আনব।”

সেনা অভ্যুত্থানচেষ্টার ঘটনার তদন্তের অংশ হিসেবে তাদের বৃহস্পতিবারের মধ্যে আংকারায় ডাকা হয়েছিল।

এর মধ্যে যারা দেশে ফিরতে ব্যর্থ হয়েছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কাভুসোগলু।

এর আগে ব্যর্থ অভ্যুত্থানের পর দুই রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশে দায়িত্বরত তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তত ৩০০ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করার কথা জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

গত ১৫ জুলাই রাতে তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ সরকারের বিরুদ্ধে অভুত্থানের চেষ্টা করে। কিন্তু প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ানের ডাকে সাড়া দিয়ে তার সমর্থকরা রাস্তায় নেমে ওই চেষ্টা ব্যর্থ করে দেয়।

ওই ঘটনায় অন্তত ২৩৭ জন নিহত ও দুই হাজারের বেশি মানুষ আহত হন।

যুক্তরাষ্ট্রে বসবাসরত তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন তাকে উৎখাতের ষড়যন্ত্র করছেন অভিযোগ তুলেছেন এরদোয়ান।

গুলেনের সঙ্গে যোগসাজশ থাকার সন্দেহে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাসহ সেনাবাহিনী, শিক্ষা ও বিচার বিভাগসহ বিভিন্ন ক্ষেত্রের হাজার হাজার কর্মকর্তাকে বরখাস্ত করেছে এরদোয়ান সরকার। তাদের অনেককেই গ্রেপ্তারও করা হয়েছে।

তবে ব্যর্থ সামরিক অভ্যুত্থান এরদোয়ানের সাজানো নাটক বলে পাল্টা অভিযোগ করে ঘটনার নিন্দা জানিয়েছেন স্বেচ্ছা-নির্বাসনে থাকা তারই এক সময়ের রাজনৈতিক বন্ধু গুলেন।