থাইল্যান্ডে জোড়া বিস্ফোরণ, নিহত ১
থ্যাইল্যান্ডের অবকাশযাপন কেন্দ্র হুয়া হিনে জোড়া বোমা বিস্ফোরণে এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে এ হামলায় আহত হয়েছেন আরও ১০ জন, যাদের মধ্যে বিদেশি পর্যটকও রয়েছেন।
থাই পুলিশের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বোমা দুটি গাছ লাগানোর পাত্রে ৫০ মিটার ব্যবধানে রাখা হয়েছিল এবং মোবাইলের মাধ্যমে আধা ঘণ্টার মধ্যে সেগুলোর বিস্ফোরণ ঘটানো হয়।
বিবিসি বলছে, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় তিন প্রদেশে সরকারবিরোধী উগ্রপন্থিরা সক্রিয় থাকায় জোড়া বোমা হামলা নিয়মিত ঘটনা। তবে পর্যটন এলাকায় এ ধরনের হামলা বিরল।
বিস্ফোরণে নিহত নারী সেখানে একটি খাবারের স্টল চালাতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
আহতদের মধ্যে আটজন বিদেশি পর্যটক বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
থাইল্যান্ডের রানি সিরিকিতের জন্মদিন উপলক্ষে শুক্রবার সরকারি ছুটির আগের দিন এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।
ব্যাংককের দক্ষিণে সমুদ্র তীরবর্তী রিসোর্ট হুয়া হিন দেশি-বিদেশি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। অনেকেই ছুটি কাটাতে সেখানে যান।
