ট্রাম্প টাওয়ারে ওঠার সময় যুবক আটক
যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ‘ট্রাম্প টাওয়ারের’ দেয়াল বেয়ে ওঠার সময় ২০ বছর বয়সী এক যুবককে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ।
বুধবার ম্যানহাটানের ফিফথ এভিনিউয়ের ওই ভবনের ২১ তলার উইন্ডো প্যানেল থেকে দড়ি ও কাঁচে লাগানোর সাকশান কাপসহ ওই যুবককে আটক করা হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
কাঁচ দিয়ে ঘেরা ৫৮ তলা ভবনটি থেকেই নির্বাচনী প্রচার চালাচ্ছেন ট্রাম্প। ৭০ বছর বয়সী সাবেক এই রিয়েল এস্টেট ব্যবসায়ীর বসবাসও এই টাওয়ারে। তবে ঘটনার সময় তিনি নিউ ইয়র্কে ছিলেন না।
বিবিসি জানায়, বুধবার বিকালে টাওয়ারের পাঁচতলার কার্নিশ থেকে ওই যুবক উপরের দিকে উঠতে শুরু করেন। এসময় ফিফথ এভিনিউর রাস্তাজুড়ে মানুষের ভিড় জমে যায়।
টাওয়ারের কর্মচারীরা পরে ২১ তলার কয়েকটি কাঁচ সরিয়ে নিলে পুলিশ ওই তলার উইন্ডো প্যানেল থেকে যুবককে ধরে টাওয়ারের ভেতরে নিয়ে যায়।
আটক যুবক কারও ক্ষতি করার উদ্দেশ্যে টাওয়ারটিতে চড়েনি বলে পুলিশের ধারণা। যুবকের নাম জানা যায়নি।
এ ঘটনায় পুলিশের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ট্রাম্পের নির্বাচনী শিবির।
“ওই যুবক হাস্যকর ও বিপজ্জনক স্টান্ট দেখাচ্ছিল। আমার বিশ্বাস, পুলিশ ঘটনা সামলাতে ভালো পদক্ষেপ নিয়েছে,” বলেন ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী সহ-সভাপতি মাইকেল কোহেন।
ঘটনার ঘণ্টাখানেক পর এক টুইটে ট্রাম্প নিজেও নিউ ইয়র্ক পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, “সাধারণ মানুষ ও আরোহীকে নিরাপদে সরিয়ে নিয়ে নিউ ইয়র্ক পুলিশ দুর্দান্ত একটি কাজ করেছে।”
আটক যুবককে ব্যুলভার্ড হাসপাতালে শারিরীক পরীক্ষার জন্য নেওয়া হয়েছে।
