৫০ রাজ্যেই শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ব: ইভান ম্যাকমুলিন
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিকল্প স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা ইভান ম্যাকমুলিন দেশের ৫০ টি রাজ্যেই শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়তে সক্ষম হওয়ার আশা প্রকাশ করেছেন।
যদিও তিনি এখনও সবগুলো রাজ্যের ব্যালট পেপারে নিজের নাম তোলার প্রক্রিয়াই সম্পন্ন করে উঠতে পারেননি। এরই মধ্যে ব্যালটে নাম নিবন্ধন করার দুই ডজনের বেশি তারিখ পার হয়ে গেছে।
মঙ্গলবার একটি বেতারে দেওয়া সাক্ষাৎকারে নিজের পরিচয় তুলে ধরে ম্যাকমুলিন বলেন, “ওই সব ভোটার যারা ডেমক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন বা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিতে চান না আমি তাদের প্রার্থী।”
সোমবার থেকে প্রচারাভিযান শুরু করা ম্যাকমুলিন নিজেকে একজন গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে বর্ণনা করে বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে তার জয়ের সুযোগ রয়েছে।
সাবেক সিআইএ কর্মকর্তা এবং মার্কিন প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সাবেক প্রধান নীতি পরিচালক ম্যাকমুলিন এবিসি নিউজকে দেওয়া এক বিবৃতিতে বলেন, “এমন একটি বছর যাচ্ছে যে সময় আমেরিকানরা বড় দুই দলের প্রার্থীদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। এখন নতুন প্রজন্মের নেতাদের নেতৃত্ব নেওয়ার সময় হয়েছে।”
“সঠিক কাজ শুরু করার সময় কখনও শেষ হয়ে যায় না এবং ডোনাল্ড ট্রাম্প অথবা হিলারি ক্লিন্টন যে প্রস্তাব দিয়েছে আমেরিকানরা তার থেকে অনেক বেশি ভালো কিছু পাওয়ার যোগ্য। আমি বিনয়ের সঙ্গে নিজেকে ওই সব লাখ লাখ ক্ষুব্ধ আমেরিকানদের নেতা হওয়ার এবং তাদের একজন রক্ষণশীল প্রেসিডেন্ট বেছে নেওয়ার প্রস্তাব দিচ্ছি।”
এত অল্প সময়ে যুক্তরাষ্ট্রের সবগুলো রাজ্যের ব্যালট পেপারে নাম নিবন্ধনের প্রক্রিয়া শেষ করতে পারবেন কিনা- এমন প্রশ্নের জাবাবে সিএনএন’কে ম্যাকমুলিন বলেন, “অবশ্যই, সবগুলো রাজ্যের ব্যালটে নাম নিবন্ধন করা সম্ভব।”
“অনেক মানুষ প্রক্রিয়াটি নিয়ে ভ্রান্ত ধারণায় রয়েছে। যুক্তরাষ্ট্রে ব্যালটে নাম তোলার অনেক পথ রয়েছে। আমরা সব উপায়েই চেষ্টা করছি।”
“আমার দল কয়েক মাস ধরে ব্যালটে নাম নিবন্ধনের নিয়ে গবেষণা করেছে। তারা বলেছে, আমরা দেশের অনেকগুলো রাজ্যের ব্যালটে নাম নিবন্ধন করতে পারব। সত্যি বলতে, আমরা ৫০টি রাজ্যের সবগুলোতেই শক্ত প্রতিদ্বন্দ্বি গড়তে সক্ষম হব বলে আশা করছি।”
