২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাইলেন তুর্কি সামরিক কর্মকর্তা’

নেটো জোটের হয়ে যুক্তরাষ্ট্র-ভিত্তিক একটি অ্যাসাইনমেন্টে কর্মরত এক তুর্কি সামরিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Aug 2016, 01:25 PM

Updated : 12 Apr 2022, 02:38 AM

গেল মাসের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে তুর্কি সরকার তাকে দেশে ফেরার আদেশ দেওয়ার পর তিনি এ আবেদন জানান বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন।

ব্যর্থ অভ্যুত্থানের পর বিদ্রোহী সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ন শুরু করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ানের সরকার। উল্লেখযোগ্য সংখ্যক সামরিক কর্মকর্তাকে ছাঁটাই ও বরখাস্ত করা হয়েছে। এদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে।

তবে উদ্ভূত পরিস্থিতিতে জানামতে এই প্রথম কোনো তুর্কি সামরিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাইল। 

অভ্যুত্থান প্রচেষ্টার জন্য তুর্কি সরকার যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে দায়ী করেছে। গুলেনকে ফেরত পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রের কাছে বারবার দাবি জানিয়ে আসছে। এই নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক শীতল হয়ে পড়েছে।

এরপর আরেক তুর্কি সামরিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় চাওয়ায় দুদেশের সম্পর্ক আরো নাজুক হয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা জানিয়েছেন, ওই তুর্কি সামরিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের নরফোকে নেটোর অ্যালাইড কমান্ড ট্রান্সফর্মেশনে কর্মরত আছেন।

তার নাম ও পদবি প্রকাশ করেননি যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তারা।

তবে ওয়াশিংটনের তুর্কি দূতাবাসের এক কর্মকর্তা জানান, গেল মাসে তুর্কি নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মুস্তাফা উগুরলুর বিরুদ্ধে তুরস্কে আটকাদেশ জারি হওয়ার পর থেকে তিনি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেননি।

“২২ জুলাই তিনি তার ব্যাজ ও পরিচয়পত্র ঘাঁটিতে ফেলে রেখে যান এবং তারপর থেকে তার কোনো খবর পাওয়া যায়নি,” বলে নাম প্রকাশ না করার শর্তে বলেন তুর্কি দূতাবাসের এই কর্মকর্তা।

তুর্কি কোনো কর্মকর্তা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন কিনা তা তার জানা নেই বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

এপ্রিলে নেটোর ওয়েবসাইটে প্রকাশিত একটি সংবাদে উগুরলুকে নরফোক ঘাঁটির একটি কমান্ডের সহকারী প্রধান বলা হয়েছে।

তুর্কি দূতাবাসের ওই কর্মকর্তা জানান, নিম্ন-পদস্থ আরো দুজন তুর্কি কর্মকর্তাকে দেশে ফিরে যেতে বলার পর তাদের একজন ফিরে গেছেন এবং অপরজন যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

“তবে তাদের বিরুদ্ধে কোনো আটকাদেশ দেওয়া হয়নি,” বলেন এই তুর্কি কর্মকর্তা।