ভেনেজুয়েলায় গণভোটের সূচি ঘোষণা
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতায় থাকা উচিৎ কিনা এ নিয়ে এক গণভোটের সূচি ঘোষণা করেছে দেশটির কর্মকর্তারা।
বিবিসি বলছে, দেশটির জাতীয় নির্বাচন কাউন্সিলের (সিএনই) প্রেসিডেন্ট তিবিসে লুসেনা জানিয়েছেন, অক্টোবরের মধ্যে বিরোধীপক্ষকে দেশের মোট ভোটারের ২০ শতাংশ বা ৪০ লাখ সই সংগ্রহ করার প্রচেষ্টায় অনুমোদন দেওয়া হয়েছে। এটি সম্ভব হলেই কেবল পুনরায় গণভোট অনুষ্ঠানের কাজ শুরু করা সম্ভব হবে। আর তা হতে হবে “সব আইনি শর্তপূরণ সাপেক্ষে।”
তবে অক্টোবরের শেষ সময়ের মধ্যে শুধু গণস্বাক্ষর সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে জানার পর দেশটির সরকারবিরোধী পক্ষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে।
বিরোধীদলীয় নেতা হেনরিক ক্যাপ্রিলেস ঘোষণা দিয়েছেন, সেপ্টেম্বরে বিরোধীদলগুলোর গণমিছিল হবেই।
কিন্তু আগামী বছরে পুনর্ভোট অনুষ্ঠানের মাধ্যমে মাদুরোর পরিবর্তে তার ভাইস-প্রেসিডেন্টকে ক্ষমতায় নিয়ে আসা হতে পারে। তার অর্থ দাঁড়াচ্ছে, সমাজতান্ত্রিক দলই ক্ষমতায় থেকে যাচ্ছে।
যদি বিরোধীপক্ষ উল্লেখিত সংখ্যক সই সংগ্রহ করতে সক্ষম হয় তবে সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য সিএনই একমাস সময় পাবে। আর এরপর নির্বাচন কর্মকর্তারা গণভোট আয়োজনের জন্য ৯০ দিন সময় পাবেন।
সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে বিরোধীপক্ষের দাবি অনুযায়ী আগামী জানুয়ারিতে গণভোট অনুষ্ঠানের সম্ভাবনা প্রায় নেই।
সংবিধানের কারণে এই সময়সূচি বেশ জটিল।
চলতি বছরে পুনর্ভোট হলে তা দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের দাবিকে জোরালো করে তুলবে আর জরিপ বলছে, নির্বাচন হলে বিরোধীপক্ষ জয়ী হবে।
কিন্তু আগামী বছর ভোট হলে ভাইস-প্রেসিডেন্টকে ক্ষমতায় নিয়ে আসার সুযোগ সৃষ্টি হবে আর তাতে করে সমাজতান্ত্রিক দলই ক্ষমতায় থেকে যাবে।
তেলসমৃদ্ধ রাষ্ট্র ভেনেজুয়েলা ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যদিয়ে যাচ্ছে। আর এই সংকটের জন্য বিরোধীরা প্রেসিডেন্ট মাদুরোকেই দায়ী করছে।
কিন্তু মাদুরো বলছেন, এই অর্থনৈতিক সংকট এবং নানাবিধ উদ্যোগ কেবল তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য পুঁজিবাদীদের ষড়যন্ত্র।
মাদুরো আইনি প্রক্রিয়ায় গণভোট অনুষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এ বছর কোনো পুনর্ভোট হবে না বলে ঘোষণা দিয়েছেন তিনি।
