ফিলিপিন্সে ট্রাম্পের ভ্রমণ নিষিদ্ধের চেষ্টা
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ফিলিপিন্সে ভ্রমণ চিরতরে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন দেশটির এক আইনপ্রণেতা।
ধনী ব্যবসায়ী ট্রাম্প দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিকে ‘সন্ত্রাসী দেশ’ আখ্যা দেওয়ার পর এ প্রচেষ্টা শুরু হয়েছে।
ফিলিপিন্সে ট্রাম্পের বড় কোনও ব্যবসা নেই। কিন্তু ডেভেলপার সেন্টুরি প্রেপার্টিজ গ্রুপ ইনক. (সিপিজে.পিএস) ১৫ কোটি ডলারের ট্রাম্প টাওয়ার বানাচ্ছে। আমেরিকান রিয়েল এস্টেট মোগলের লাইসেন্সের আওতায় তৈরি হচ্ছে এ সুউচ্চ আবাসিক ভবন।
ম্যানিলার প্রতিনিধি পরিষদে কংগ্রেস সদস্য জোয়ে সালসেডা একটি বিল উত্থাপন করে বলেন, ফিলিপিনোদেরকে ঢালাওভাবে সন্ত্রাসী দেশের নাগরিক হিসাবে তকমা লাগানোর কোনও যৌক্তিকতা নেই। আর এর কোনও বাস্তব ভিত্তিও নেই।
গত বৃহস্পতিবার পোর্টল্যান্ডের একটি সমাবেশে ট্রাম্পের করা মন্তব্যের প্রতিক্রিয়াতেই সালসেডা একথা বলেন। ওই সমাবেশে ট্রাম্প আবারও অভিবাসী ইস্যু নিয়ে বিরূপ কথা বলেছিলেন।
ফিলিপিন্স থেকে কোনও অভিবাসী নেওয়া নিষিদ্ধ করতে চান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসের স্বর্গরাজ্যের তালিকায় যে ১২ টি দেশের নাম রয়েছে তার মধ্যে আছে ফিলিপিন্স।
পোর্টল্যান্ডের সমাবেশে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র সন্ত্রাসী দেশগুলো থেকে অভিবাসী নিচ্ছে। কিন্তু তা করা উচিত না। কারণ তাদেরকে পরীক্ষা করে দেখার সুযোগ নেই। কেউ জানেনা তারা কে। ফলে এটি সবসময়ের জন্যই এক ধরনের নিরাপত্তা হুমকি।
যুক্তরাষ্ট্রে ফিলিপিন্সের এক অবৈধ অধিবাসী আমেরিকানদের মারতে আল কায়দা এবং তালেবান গোষ্ঠীতে যোগ দেওয়ার পরিকল্পনা করে দোষী সাব্যস্ত হয়েছে বলেও উল্লেখ করেন ট্রাম্প।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের দেওয়া তথ্য উল্লেখ করে ফিলিপাইনের কংগ্রেস সদস্য সালসেডা বলেন, যুক্তরাষ্ট্রে ফিলিপাইন বংশোদ্ভূত প্রায় ৪০ লাখ মানুষ বাস করে। এদিক থেকে দেশটিতে এশিয়ান আমেরিকানদের মধ্যে ফিলিপিনোরাই দ্বিতীয় সর্বোচ্চ জনগোষ্ঠী।
বহু বিতর্কিত মন্তব্য করে নিজ দলের নেতাদের কাছেও বিরাগভাজন ট্রাম্প ফিলিপিনোদের নিয়ে বিরূপ মন্তব্য করে এখন ৮ নভেম্বরের নির্বাচনে ফিলিপিনো-আমেরিকানদের ভোটও হারালেন।
