২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানি পরমাণু বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকর

আলোচিত ইরানি পরমাণু বিজ্ঞানী শাহরাম আমিরির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Aug 2016, 02:09 PM

Updated : 12 Apr 2022, 02:37 AM

যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল দেশটির আদালত।

রোববার ইরানের বিচার বিভাগের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।

২০১০ সালে যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর তাকে আটক করা হয়েছিল। তারপর থেকে তাকে অজ্ঞাত স্থানে রাখা হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা (আইআরএনএ) বলছে, বিচার বিভাগের মুখপাত্র গোলামহোসেইন মহসেনি এজেই সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পরিপ্রেক্ষিতে (শাহরাম) আমিরি দেশের (ইরান) গুরুত্বপূর্ণ তথ্য শত্রুদের দিয়েছিলেন।”

মহসেনি এজেই আরো বলেন, আমিরিকে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত যা ইরানের সর্বোচ্চ আদালতও বহাল রাখে।

বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক আমিরি ইরানের পরমাণু শক্তি সংস্থার হয়ে কাজ করতেন। ২০০৯ সালে সৌদি আরবে হজ পালন করতে গিয়ে তিনি নিখোঁজ হন। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রে তার খোঁজ পাওয়া যায়।

কিন্তু ২০১০ সালে তিনি ইরানে ফিরে আসার পর বীরোচিত সংবর্ধনা পান। আর তার কিছুদিনপরই তাকে গ্রেপ্তার করা হয়।

২০১০ সালে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা দাবি করেছিলেন, আমিরির কাছ থেকে “প্রযোজনীয় তথ্য” পেয়েছিল ওয়াশিংটন।

ইরান অভিযোগ করেছিল, আমিরিকে সিআইএ অপহরণ করেছিল। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তখন জানিয়েছিল, আমিরিকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি যেখানে খুশি যেতে পারেন।

ইরানে আমিরির পরিবারের উপর চাপের কারণেই তিনি দেশে ফিরতে বাধ্য হয়েছিলেন বলে ধারণা করা হয়।

তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন আমিরি। ২০১০ সালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিওতে আমিরিকে বলতে শোনা যায়, “আমার পরিবারের কোনো সমস্যা নেই।”