২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুদণ্ডে সমর্থন এরদোয়ানের

তুরস্কের বৃহত্তম শহর ইস্তানবুলে এক বিশাল জনসভায় মৃত্যুদণ্ড পুনর্বহাল করার পক্ষে নিজের সমর্থন ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2016, 11:39 AM

Updated : 12 Apr 2022, 02:37 AM

রোববার ইস্তানবুলের ইয়েনিকাপি প্যারেড গ্রাউন্ডের ওই জনসভায় তিনি বলেন, পার্লামেন্ট ও জনগণ যদি চায় তাহলে তিনি বিষয়টি অনুমোদন করবেন।

‘গণতন্ত্র ও শহীদদের জন্য’ আয়োজিত জনসভাটিতে অন্ততপক্ষে দশ লাখ মানুষ জমায়েত হয়েছিল বলে জানিয়েছে বিবিসি ও রয়টার্স।

দশ লাখেরও বেশি মানুষের সমাবেশ করার উপযোগী করে ইয়েনিকাটি প্যারেড গ্রাউন্ডটি তৈরি করা হয়েছিল। জনসভার সময় মানুষের ঢলে গ্রাউন্ডটি উপচে পড়ে এর আশপাশের রাস্তা ও এলাকাগুলোতেও ছড়িয়ে পড়ে।

তবে জনসভায় পঞ্চাশ লাখেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন বলে দাবি করেছেন তুর্কি সরকারি কর্মকর্তারা। এই জনসভা ছাড়াও রোববার তুরস্কের প্রদেশগুলোতেও একই স্লোগান নিয়ে জনসভা হয়েছে।

গেল মাসের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর তুরস্কে এটাই সবচেয়ে বড় জনসমাবেশ, যেখানে ক্ষমতাসীন দলগুলোর নেতারা থেকে শুরু করে দেশটির তিনটি বিরোধীদলের মধ্যে দুটির নেতারা উপস্থিত ছিলেন। তবে কুর্দি কোনো রাজনৈতিক দলকে সমাবেশে আমন্ত্রণ জানানো হয়নি।

সমাবেশে উপস্থিতদের উদ্দেশে এরদোয়ান বলেন, “মৃতুদণ্ডের বিষয়ে সিদ্ধান্ত নেবে তুরস্কের পার্লামেন্ট। আমি আগেই এটি ঘোষণা করে রাখছি, পার্লামেন্ট যে সিদ্ধান্ত নেবে আমি তা অনুমোদন করবো।”

“তারা বলে ইইউতে (ইউরোপীয় ইউনিয়ন) কোনো মৃত্যুদণ্ডের বিধান নেই। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু যুক্তরাষ্ট্রে আছে, জাপানে আছে, চীনেও আছে। বিশ্বের অধিকাংশ দেশেই আছে। তাই তারা এটি অনুমোদন করবে।”-বলেন এরদোয়ান।

তিনি আরো বলেন, “১৯৮৪ সাল পর্যন্ত আমাদের দেশেও মৃত্যুদণ্ড ছিল। সার্বভৌমত্ব জনগণের উপর নির্ভর করে, তাই জনগণ যদি চায় আমি নিশ্চিত রাজনৈতিক দলগুলোও তা বাস্তবায়ন করবে।”

এরদোয়ান আরো বলেন, যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সমর্থকদের দেশ থেকে বের করে দেবে তুরস্ক ।

“১৫ জুলাই আমাদের বন্ধুদের দেখিয়েছে, এই দেশটি শুধু রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক হামলা মোকবিলাতেই সক্ষম না, সামরিক নাশকতা মোকাবিলাতেও সক্ষম। একে পরাজিত করা যাবে না, একে লাইনচ্যুত করা যাবে না,” বলেন এরদোয়ান। 

সামরিক অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকেই এরদোয়ানের সমর্থকরা দেশব্যাপী প্রতি রাতে সমাবেশ করে আসছিলেন, ‘গণতন্ত্র ও শহীদদের’ জন্য জনসভা যেন তারই চূড়ান্ত পরিণতি।

অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় তুরস্কের হাজার হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত কিংবা ছাঁটাই করা হয়েছে। এদের অনেকের পাসপোর্টও বাতিল করা হয়েছে। সামরিক বাহিনীতেও ব্যাপক রদবদল করা হয়েছে।