২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলজিয়ামে ‘আল্লাহু আকবর’ বলে পুলিশের উপর হামলা

বেলজিয়ামের শার্লোহুয়া শহরে চাপাতিধারী এক ব‌্যক্তি ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে দুই নারী পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Aug 2016, 10:52 AM

Updated : 11 Oct 2022, 08:35 PM

শনিবারের এ ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত অপর এক পুলিশ কর্মকর্তার গুলিতে হামলাকারী আহত হয়ে মৃত‌্যুবরণ করেন। 

ঘটনাটিকে সন্ত্রাসী হামলা মনে করা হচ্ছে বলে জানিয়েছেন বেলজীয় প্রধানমন্ত্রী শার্লস মিশেল।

আহত পুলিশ কর্মকর্তারা শঙ্কামুক্ত হয়েছেন এবং তাদের জীবনহানির আশঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ।

টেলিভিশিন চ‌্যানেল আরটিএলকে বেলজিয়ামের প্রধানমন্ত্রী মিশেল বলেছেন, “প্রাথমিক লক্ষণগুলো পরিষ্কারভাবে সন্ত্রাসবাদের দিকে ইঙ্গিত করছে।”

সরকারি সম্প্রচার মাধ‌্যম ভিআরটি জানিয়েছে, শার্লোহুয়ার পুলিশ সদরদপ্তরের সামনে স্থাপিত তল্লাশি চৌকিতে তল্লাশির কথা বলার পরপরই হামলাকারী একটি চাপাতি বের করে পুলিশ কর্মকর্তাদের উপর হামলা চালায়।

Image
শার্লোহুয়া পুলিশ সদরদপ্তরের বাইরের দৃশ‌্য, বেলজিয়াম; ৬ অগাস্ট, ২০১৬। রয়টার্স

শার্লোহুয়া পুলিশ সদরদপ্তরের বাইরের দৃশ‌্য, বেলজিয়াম; ৬ অগাস্ট, ২০১৬। রয়টার্স

বার্তা সংস্থা বেলগা জানিয়েছে, আহত দুই পুলিশ কর্মকর্তার মধ‌্যে একজনের আঘাত তেমন গুরুতর নয়, কিন্তু অপরজনের মুখে লাগা আঘাতটি গুরুতর।

তারা দুজনেই তল্লাশি চৌকিটিতে দায়িত্বরত ছিলেন।

গত নয়মাস ধরে বেলজিয়াম ও প্রতিবেশী ফ্রান্সে একের পর এক জঙ্গি হামলার পর নিরাপত্তা ব‌্যবস্থা জোরদার করার অংশ হিসেবে এসব তল্লাশি চৌকিগুলো বসানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, বেলজীয় প্রধানমন্ত্রী মিশেল ছুটিতে দক্ষিণ ফ্রান্সে ছিলেন, তিনি ছুটি সংক্ষিপ্ত করে রোববার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বেঠকে যোগ দেওয়ার জন‌্য দেশে ফিরে আসছেন।  

গত বছরের নভেম্বরে প‌্যারিসে চালানো ভয়াবহ জঙ্গি হামলা ও চলতি বছরের প্রথমদিকে ব্রাসেলসে চালানো জঙ্গি হামলায় জড়িত কয়েকজন শার্লোহুয়াকে তাদের ঘাঁটি হিসেবে ব‌্যবহার করেছিল।