আলেপ্পোর গোলন্দাজ ঘাঁটিতে সিরীয় বিদ্রোহীদের অতর্কিত আক্রমণ
সরকারি বাহিনীর অবরোধ ভাঙার চেষ্টারত সিরীয় বিদ্রোহীরা আলেপ্পোর একটি গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটিতে অতর্কিত আক্রমণ চালিয়েছে।
শুক্রবার চালানো এ হামলা প্রতিহত করা হয়েছে জানিয়ে কয়েকশত বিদ্রোহী নিহত হওয়ার পাল্টা দাবি করেছে সিরীয় সরকারি বাহিনী ।
সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোর পূর্বাংশের আবাসিক এলাকগুলোর সাতটি অংশ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে। এসব অংশে প্রায় আড়াই লাখ লোকের বাস।
জুলাইয়ের প্রথমদিক থেকে ইরান-সমর্থিত লেবাননি হিজবুল্লাহ গেরিলাদের সহায়তায় সিরীয় সেনাবাহিনী বিদ্রোহী-নিয়ন্ত্রিত অংশগুলো অবরোধ করে রেখেছে, এতে ওই এলাকাগুলো পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
‘জইশ আল ফাতেহ’ নামের উগ্রপন্থি বিদ্রোহীদের একটি জোট, যাদের মধ্যে সাবেক আল কায়েদার অনুগামী গোষ্ঠী নুসরা ফ্রন্ট বা হালের জাবহাত ফাতেহ আল শাম, আহরার আল শাম ও অন্যান্য ছোট কয়েকটি গোষ্ঠী রয়েছে, জানিয়েছে, তারা আলেপ্পোর দক্ষিণ-পশ্চিমাংশে রামৌসাহ সামরিক স্থাপনার প্রধান গোলন্দাজ একাডেমির দখল নিয়েছে।
গোলন্দাজ ঘাঁটিটির সংলগ্ন অন্যান্য সামরিক একাডেমির দখল নেওয়ার জন্য তারা এখন লড়াই করে যাচ্ছে বলে জানিয়েছে। এটি সিরিয়ার বৃহত্তম সামরিক একাডেমি।
বিদ্রোহীদের দখলকৃত এলাকাগুলো থেকে গোলন্দাজ ঘাঁটিটি প্রায় দুই কিলোমিটার দূরে। এই ঘাঁটিতে প্রচুর অস্ত্রশস্ত্রের মজুদ আছে। এখান থেকে আলেপ্পোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত অংশগুলোত নিয়মিত গোলাবর্ষণ করা হতো।
বিদ্রোহীরা সরকারি বাহিনী-নিয়ন্ত্রিত এলাকার ভিতর দিয়ে যাওয়া একটি সংকীর্ণ পথ মুক্ত করার চেষ্টা করছে। এই পথটি পূর্ব আলেপ্পোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত অবরুদ্ধ এলাকাগুলোকে সিরিয়ার পশ্চিমাংশের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোর সঙ্গে সংযুক্ত করতে পারবে।
এই পথটির পতন হলে সরকারি বাহিনীর নিয়ন্ত্রেণে থাকা পশ্চিম আলেপ্পো বিচ্ছিন্ন হয়ে পড়বে।
ঘাঁটিটির ভিতরে লড়াই চলছে জানিয়ে আহরার আল শামের আবু আল ওয়ালিদ নামের এক যোদ্ধা বলেন, “দুই আত্মঘাতী বোমা হামলাকারী গাড়ি নিয়ে গোলন্দাজ ঘাঁটির ভিতরে চৌকিতে গিয়ে বিস্ফোরণ ঘটায়।”
সিরিয়ার দক্ষিণ-পশ্চিম আলেপ্পোতে ১০৭০ অ্যাপার্টমেন্ট প্রকল্প এলাকায় জাবহাত ফাতেহ আল শাম বিদ্রোহী গোষ্ঠীর কয়েকজন যোদ্ধাকে হেঁটে যেতে দেখা যাচ্ছে; ৫ অগাস্ট, ২০১৬।
অপরদিকে সেনাবাহিনী জানিয়েছে, তারা গোলন্দাজ ঘাঁটি ও দুটি সামরিক একাডেমিতে চালানো আক্রমণ ব্যর্থ করে দিয়েছে। এতে কয়েকশত বিদ্রোহী নিহত হয়েছে এবং তাদের অধিকাংশ সাঁজোয়া যান ও ট্যাঙ্ক ধ্বংস হয়ে গেছে।
গত কয়েক বছরের মধ্যে সরকারি বাহিনী-নিয়ন্ত্রিত এলাকায় এটি বিদ্রোহীদের সবচেয়ে বড় হামলা ছিল বলে জানিয়েছে সেনাবাহিনী।
আক্রান্ত একটি সামরিক একাডেমির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল দিব বাজি বলেছেন, “আজ সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো বড় ধরনের একটি হামলা চালিয়েছে। এতে তারা সব ধরনের অস্ত্র ব্যবহার করেছে। আমরা তাদের আক্রমণ প্রতিহত করতে লড়াই করছি এবং তাদের পরাজিত করবো।”
পরে এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, মিত্র বাহিনীর সহযোগীতায় আক্রমণ রুখ দিতে সফল হয়েছে তারা এবং তিনটি বিস্ফোরক ভর্তি আত্মঘাতী গাড়িবোমা ধ্বংস করেছে।
সেনা অবস্থান সংহত করতে সরকার-সমর্থিত বেসামরিক বাহিনীর যোদ্ধারা তাদের সঙ্গে যোগ দিয়েছে বলে জানিয়েছে।
২০১২-র গ্রীষ্মকাল থেকে আলেপ্পো সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে বিভক্ত হয়ে আছে।
