২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ব্রিটিশ আমলের সেতু ধস: ২২ লাশ উদ্ধার

ভারতের মহারাষ্ট্র রাজ্যে মুম্বাইয়ের সঙ্গে পর্যটন রাজ্য গোয়ার সংযোগকারী মহাসড়কে ব্রিটিশ আমলে নির্মিত সেতুর ধ্বংসাবশেষ থেকে ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2016, 10:46 PM

Updated : 12 Apr 2022, 02:35 AM

রাইঘাটে সাবিত্রী নদীর ওপরকার এ সেতুটি ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় বুধবার রাত ১টার দিকে ধসে পড়ে। এতে কয়েকটি গাড়ি নদীতে পড়ে গিয়ে ২২ জন নিখোঁজ হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা লাশগুলোর মধ্যে ২১ জনের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়েছে।

সেতুটি ভেঙে পড়ার সময় এর ওপর দুইটি যাত্রীবাহী বাস ও চারটি প্রাইভেট কার ছিল। সেগুলো নদীর স্রোতে ভেসে যায়। তিন দিন ধরে সেখানে উদ্ধার কাজ চলছে।

এনডিটিভ’র খবরে বলা হয়েছে, উভয় বাসই ১১ জন যাত্রী নিয়ে মুম্বাই থেকে রওনা হয়েছিল।

দুই বছর আগে ভারতের পার্লামেন্টে এক সদস্য বলেছিলেন, ব্রিটিশ কর্মকর্তারা মহারাষ্ট্র সরকারকে সেতুটির বিষয়ে সতর্ক করেছে।

ব্রিটিশ কর্মকর্তরা বলেছিলেন, সেতুটি অনেক পুরনো হয়ে গেছে এবং সেটির উপর গাছ জন্মে গেছে। মারাত্মক ঝুঁকিপূর্ণ  হওয়ায় এ সেতুতে যান চলাচল নিষিদ্ধ করা উচিত।

গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতে মহারাষ্ট্র বন্যা দেখা দিয়েছে।