সিরিয়ার আলেপ্পোয় সেনা-বিদ্রোহী তীব্র লড়াই
সিরিয়ার আলেপ্পোয় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোর চারপাশজুড়ে লড়াই তীব্র হয়ে উঠেছে। সরকারি বাহিনীর অবরোধ ভাঙার বিদ্রোহীদের প্রচেষ্টায় এ লড়াইয়ের সূত্রপাত হয়েছিল।
বিবিসি জানিয়েছে, শহরটির পূর্ব দিকের বিদ্রোহী নিয়ন্ত্রিত কিন্তু সরকারি বাহিনীর দ্বারা অবরুদ্ধ একটি এলাকাকে পশ্চিমের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার সঙ্গে পুনঃসংযুক্ত করতে রোববার থেকে আক্রমণ শুরু করেছে বিদ্রোহী যোদ্ধারা।
এ প্রচেষ্টায় কৌশলগত রামৌসাহ এলাকায় সরকারি বাহিনীর অবস্থানের নিচের মাটির তল দিয়ে সুড়ুঙ্গ খুড়ে সেখানে ব্যাপক ক্ষমতার একটি সুড়ুঙ্গ বোমার বিস্ফোরণ ঘটায় বিদ্রোহীরা।
সরকারি বাহিনীও পাল্টা আক্রমণে বিদ্রোহীদের উদ্যোগ রুখে দেওয়ার চেষ্টা করে, রাশিয়ার জঙ্গি বিমানগুলো বিদ্রোহীদের ওপর হামলা চালিয়ে সরকারি বাহিনীকে সাহায্য করে।
গত মাস থেকে আলেপ্পো বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো অবরোধ করে রেখেছে সরকারি বাহিনী। এসব এলাকায় প্রায় আড়াই লাখের মতো বেসামরিক মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে।
“রামৌসাহ এলাকাটি এখন আমাদের নজরদারিতে আছে, কিন্তু রুশ জেটগুলো বোমাবর্ষণ তীব্রতর করেছে, এ কারণে আমরা দ্রুত এগিয়ে যেতে পারছি না,” বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন এক বিদ্রোহী কমান্ডার।
আরেক বিদ্রোহী কমান্ডার লড়াইটিকে ‘মহাকাব্যিক লড়াই’ অভিহিত করে রয়টার্সকে জানান, এ লড়াইয়ে প্রায় ১০ হাজার সেনা, অন্তত ৯৫টি ট্যাঙ্ক এবং কয়েকশত রকেট লঞ্চার মোতায়েন করা হয়েছে।
সূত্র জানিয়েছে, সেনাবাহিনীর পোস্টগুলোতে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানোর জন্য আত্মঘাতী বোমারুরা প্রস্তুতি নিচ্ছে।
রোববার থেকে শুরু হওয়া বিদ্রোহীদের এই হামলাকে এ পর্যন্ত সবেচেয়ে বৃহত্তম বলে বর্ণনা করেছে যুক্তরাজ্য-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। অপরদিকে রুশ যুদ্ধবিমানগুলোর সহায়তাপুষ্ট সরকারি বাহিনীও তীব্রতার সঙ্গে বিদ্রোহীদের হামলা প্রতিরোধ করে যাচ্ছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।
অবজারভেটরির প্রধান রামি আব্দেল রহমান বলেন, “এই কারণে বিদ্রোহীর আক্রমণের গতি কমে গেছে, আর বিদ্রোহী বাহিনী রোববার থেকে যে আটটি অবস্থান দখল করেছিল তার মধ্যে পাঁচটি পুনর্দখল করে নিতে পেরেছে জান্তা বাহিনী।”
মঙ্গলবার অবজারভেটরি জানিয়েছে, বিদ্রোহীদের আক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বহু সরকারি সেনার পাশাপাশি ৫০ জন বিদ্রোহী ও জিহাদপন্থি যোদ্ধা নিহত হয়েছেন।
আলেপ্পোর নিকটবর্তী সারাকেব টাউনে ক্লোরিন গ্যাস ভর্তি ব্যারেল ফেলা হয়েছে এমন সন্দেহ করার খবর প্রকাশিত হয়েছে। খবরে বলা হয়, এতে প্রায় ৩০ জন আক্রান্ত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু।
তবে এগুলো নিক্ষেপ করার জন্য কারা দায়ি তা পরিষ্কার হওয়া যায়নি।
